গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৩ মে ২০২৬

মেনু

ভারতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের বাজিমাত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৭ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১২:১৩ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের বাজিমাত
ছবি

বিজেপি সমর্থকদের উল্লাস -ছবি টেলিগ্রাফ ইন্ডিয়া

ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে সোমবার (৪ মে) একযোগে বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হয়েছে। প্রাথমিক ফলাফলের প্রবণতায় পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বড় রাজনৈতিক পরিবর্তন হতে চলেছে। এসব রাজ্যে ভোট গণনায় কোন দল কতটা এগিয়ে আছে তা নিয়েই এই প্রতিবেদন।

পশ্চিমবঙ্গে ২০০ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ৮৭: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনা করা ভোটে এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাংলাদেশ সময় সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে, বিজেপি ২০০টি আসনে এগিয়ে ছিল। আর তৃণমূল কংগ্রেস এগিয়ে ৮৭টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। এ ছাড়া কংগ্রেস ১টি এবং অন্যরা ২টি আসনে এগিয়ে।

সবচেয়ে আলোচিত আসন ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে লড়েছেন বিরোধীদলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী। এই আসনে মমতা এগিয়ে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি পেতে যাচ্ছে বড় জয়।

নির্বাচনি ফলাফলের বর্তমান প্রবণতা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০১১ সাল থেকে টানা ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের এটি হবে বড় পরাজয়। ২০২১ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭৫টি আসন।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আশাবাদী। একটি ভিডিও বার্তায় তিনি তৃণমূল কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এখনও অনেক রাউন্ডের ভোট গণনা বাকি রয়েছে। তিনি বলেন, ‘হতাশ হবেন না’।
উল্লাসে মেতে উঠেছেন বিজেপির নেতা-কর্মীরা। মধ্য কলকাতায় এক দোকানদারকে সগর্বে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতেও শোনা গেছে। ভোট গণনা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজ্যের বিজেপি ইউনিট পোস্ট করেছে, ‘খেলা শেষ’।

পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিককে মোদীর প্রণাম: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের সম্ভাবনায় সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তিএবং বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকের প্রতি আমার প্রণাম রইল। ‘জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছে এবং আমি তাদের প্রতিশ্রুতি দিচ্ছি, পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু আমাদের দল করবে। আমরা এমন একটি সরকার দেবো, যা সমাজের সকল স্তরের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে।’

তামিলনাড়ুতে টিভিকের উত্থান: তামিলনাড়ুর ২৩৩টি আসনে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে আছে ১৩৭ টিতে। দলটি এককভাবে সবচেয়ে বেশি আসনে এগিয়ে থেকে একক বৃহত্তম দলের অবস্থানে রয়েছে। 

তামিলনাড়ুতে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগম (এআইএডিএমকে) জোট এগিয়ে আছে ৬৩টি আসনে। ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ডিএমকে জোট এগিয়ে ৬১টিতে। দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে যে দ্বি–দলীয় প্রতিযোগিতা চলে আসছিল, এবার তাতে নতুন মাত্রা যোগ করেছে টিভিকে।

কেরালায় ইউডিএফ এগিয়ে: কেরালায় ১৪০টি আসনের পূর্ণ গণনার প্রবণতায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এগিয়ে আছে ৮৭টি আসনে। জয় পেয়েছে ১৭ আসনে। ক্ষমতাসীন বাম জোট লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে আছে ৩৮টিতে। অন্যরা ১৫টিতে এগিয়ে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৩টি আসনে। কেরালায় প্রতি নির্বাচনেই ক্ষমতার হাতবদল হয়। এবারও সেই ধারা অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আসামে বিজেপি এগিয়ে: আসামে ১২৬টি আসনের গণনায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে ৯৭টি আসনে। প্রধান বিরোধী দল কংগ্রেস এগিয়ে আছে ২৭টিতে। এআইইউডিএফ জোট ২টি আসনে এগিয়ে আছে।

পদুচেরিতে এনডিএ এগিয়ে: কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ৩০টি আসনের মধ্যে ২৯টির প্রবণতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ১৫টিতে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ এগিয়ে ১টিতে এবং অন্যান্যরা ৩টিতে। 
সানা/আপ্র/৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সীমান্ত নিরাপত্তা আমাদের অগ্রাধিকার
১৩ মে ২০২৬

সীমান্ত নিরাপত্তা আমাদের অগ্রাধিকার

কাঁটাতারের বেড়া প্রসঙ্গে ভারত

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন পদ
১২ মে ২০২৬

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন পদ

 দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তার পর অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয় সরকার গঠনের সুযোগ পাওয়া...

ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী
১২ মে ২০২৬

ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবিকে কেন্দ্র করে চাপে পড়েছেন প্রধা...

বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী বিজয়ের চমক
১২ মে ২০২৬

বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী বিজয়ের চমক

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় শপথ নেওয়ার পরপরই একাধিক বড় ঘোষণা দিয়ে চমক দেখিয়েছেন। অভিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই