বরফে ঢাকা নির্জন এক দ্বীপ। চারদিকে হিমশীতল বাতাস, মাথার ওপর মেঘলা আকাশ আর পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে শত শত পেঙ্গুইন। নেই মানুষের কোলাহল কিংবা শহরের ব্যস্ততা। প্রতিদিনের কাজ পেঙ্গুইন গোনা, পর্যটকদের স্বাগত জানানো, পোস্টকার্ডে সিল মারা এবং বরফের দেশে একটি ঐতিহাসিক ঘাঁটি পরিচালনা করা। শুনতে রূপকথার মতো মনে হলেও অ্যান্টার্কটিকার গাউডিয়ার দ্বীপের পোর্ট লকরয়ে এমন কাজের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই কাজের জন্য মাসে বেতন দেওয়া হবে ২ হাজার ৫০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন লাখ টাকা। এর পাশাপাশি থাকবে বিনা মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা। খবর মার্কার।
অ্যান্টার্কটিকার গাউডিয়ার দ্বীপে অবস্থিত পোর্ট লকরয়ে কাজ করতে হবে নির্বাচিত কর্মীদের। ২০২৬-২৭ মৌসুমের জন্য ইতিমধ্যে ১৪ জনকে নির্বাচন করেছে সংস্থাটি।
যেসব কাজ করতে হবে
নির্বাচিত ১৪ জন কর্মীকে দুটি দলে ভাগ করা হবে। তাঁদের মধ্যে আটজন অবস্থান করবেন পোর্ট লকরয়ে। তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে—
১. পেঙ্গুইনের সংখ্যা গণনা ও গতিবিধি পর্যবেক্ষণ।
২. স্থানীয় জাদুঘর পরিচালনা।
৩. পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা।
৪. পর্যটকদের জন্য স্মারক ও উপহারের দোকান দেখাশোনা।
অন্য ছয়জন তুলনামূলকভাবে গবেষণাধর্মী কাজে নিয়োজিত থাকবেন। তাঁদের সঙ্গে থাকবেন স্বাস্থ্যসেবা ও পর্বতারোহণ বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরা।
বেতন ভালো, তবে জীবনযাপন কঠিন
মাসে ২ হাজার ৫০০ ইউরো বেতন এবং বিনা মূল্যে থাকা-খাওয়ার সুযোগ থাকলেও অ্যান্টার্কটিকার প্রতিকূল পরিবেশে পাঁচ মাস কাটানো মোটেও সহজ নয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, দ্বীপটিতে নিয়মিত পানির সরবরাহ কিংবা গোসলের ব্যবস্থা নেই। স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থাও বেশ সীমিত।
জাহাজ থেকে বড় ট্যাংকে পানি সংগ্রহ করা হয়। সাধারণত জাহাজ এলে সপ্তাহে একবার গোসলের সুযোগ মেলে। তবে আবহাওয়া খারাপ থাকলে টানা দুই সপ্তাহ পর্যন্ত কোনো জাহাজ নাও আসতে পারে। সে ক্ষেত্রে গোসলের সুযোগ থেকেও বঞ্চিত থাকতে হয় কর্মীদের।
২০২৬-২৭ মৌসুমকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের পরিচালক ক্যামিলা নিকোল। তাঁর মতে, দ্রুত উষ্ণ হয়ে ওঠা জলবায়ু অ্যান্টার্কটিকায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
অ্যান্টার্কটিকার বিভিন্ন এলাকায় তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার তথ্যও উঠে এসেছে।
সব মিলিয়ে আকর্ষণীয় বেতনের এই চাকরিতে পেঙ্গুইনদের কাছ থেকে দেখার সুযোগ থাকলেও প্রতিকূল আবহাওয়া, পানির সংকট এবং কঠিন জীবনযাপনের সঙ্গে মানিয়ে নেওয়াই হবে কর্মীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।
এসি/আপ্র/১৪/১১/২০২৬