পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। এমনকি পাকিস্তানি নায়িকার সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেশটির সিনেমা হলের সংখ্যা নিয়ে এমন একটি তথ্য দিয়েছেন, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।
শাকিব খানের দাবি, পাকিস্তানে বর্তমানে ১ হাজার ২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে। তাঁর এ বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, এত বড় সংখ্যার তথ্য তিনি কোথা থেকে পেয়েছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিব খান বলেন, পাকিস্তানের চলচ্চিত্রশিল্প সম্পর্কে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পেরেছেন, দেশটিতে ১ হাজার ২০০টির বেশি সচল সিনেমা হল রয়েছে। এর মধ্যে অনেকগুলোই বহুতলবিশিষ্ট আধুনিক প্রেক্ষাগৃহ। সেখানে কোনো সিনেমা ব্যবসাসফল হলে ২০০ থেকে ৩০০ কোটি পাকিস্তানি রুপি পর্যন্ত আয় করতে পারে বলেও জানতে পেরেছেন তিনি। এমন সম্ভাবনার কথা বিবেচনা করেই পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছেন শাকিব।
তবে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক চিত্রের সঙ্গে শাকিবের দেওয়া সিনেমা হলের সংখ্যার মিল পাওয়া যাচ্ছে না।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, দেশটিতে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা রয়েছে। অন্যদিকে, ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। ওই সময় দেশটিতে সচল পর্দার সংখ্যা কমে দাঁড়ায় ১১৫টিতে।
অর্থাৎ, পাকিস্তানে বর্তমানে ১ হাজার ২০০টির বেশি সচল সিনেমা হল থাকার দাবির সঙ্গে প্রকাশিত এসব তথ্যের বড় ধরনের ব্যবধান রয়েছে।
তবে সিনেমা হল, বহুতলবিশিষ্ট প্রেক্ষাগৃহের পর্দা এবং একক পর্দার সংখ্যা এক বিষয় নয়। হিসাবের এ পার্থক্যও বিবেচনায় রাখা জরুরি। বিভিন্ন সূত্রে সংখ্যার কিছু তারতম্য থাকলেও পাকিস্তানে ১ হাজার ২০০টি সচল সিনেমা হল থাকার পক্ষে সাম্প্রতিক কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
বরং পাকিস্তানে একসময় ১ হাজার ২০০টির বেশি সিনেমা হল থাকার তথ্য পাওয়া যায়। ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালের দিকে দেশটিতে ১ হাজার ২০০টির বেশি সিনেমা হল ছিল। এরপর কয়েক দশকে নানা কারণে সেগুলোর সংখ্যা কমতে থাকে। ফলে অতীতের কোনো পরিসংখ্যানের সঙ্গে বর্তমান পরিস্থিতি গুলিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। তবে শাকিব ঠিক কোন সূত্র থেকে এ তথ্য পেয়েছেন, তা জানা যায়নি।
গণমাধ্যমে শাকিবের বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আন্তর্জাতিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশের চলচ্চিত্রবাজার সম্পর্কে আরও নির্ভুল তথ্য নেওয়া জরুরি ছিল কি না।
কেউ কেউ জানতে চাইছেন, এত বড় তথ্যগত অসংগতি কীভাবে হলো এবং কোন সূত্রের ওপর নির্ভর করে তিনি এমন বক্তব্য দিয়েছেন।
তবে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। দুই দেশের শিল্পীদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হলে নতুন বাজার ও দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু সেই সম্ভাবনার কথা বলতে গিয়ে সিনেমা হলের সংখ্যা নিয়ে দেওয়া তথ্যের অসংগতিই এখন শাকিবের বক্তব্যের আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
এসি/আপ্র/১৪/১১/২০২৬