মুসলিম পরিবারে নবজাতক জন্মের পর শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তার ডান কানে আজান দেওয়ার প্রচলন রয়েছে। নবজাতকের কানে আজান ও ইকামত দেওয়া মুস্তাহাব। এ বিষয়ে অধিকাংশ আলেম একমত। রাসুলুল্লাহ (সা.) নিজেও তাঁর নাতি হাসান (রা.)-এর কানে আজান দিয়েছিলেন।
উবাইদুল্লাহ ইবনে আবু রাফি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা (রা.) যখন আলী (রা.)-এর ছেলে হাসানকে (রা.) প্রসব করেন, তখন রাসুলুল্লাহ (সা.) তাঁর কানে নামাজের আজানের মতো আজান দিয়েছিলেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫১০৫)
অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যার সন্তান জন্মগ্রহণ করে, সে যেন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয়। (শুআবুল ইমান, হাদিস: ৮৬১৯)
ভিডিও কলে নবজাতকের কানে আজান দেওয়ার বিধান
হাদিসে নবজাতকের কানে আজান দেওয়ার যে নির্দেশনা বর্ণিত হয়েছে, তা সরাসরি আজান দেওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই নবজাতকের কানে সরাসরি আজান দেওয়াই মূল নিয়ম ও স্বাভাবিক পদ্ধতি। ভিডিও কলের মাধ্যমে আজান দিলে সরাসরি আজান দেওয়ার সুন্নত আদায় হয়েছে বলে গণ্য হবে না।
এ ক্ষেত্রে শিশুর বাবা, দাদা, কোনো মুরব্বি কিংবা নির্দিষ্ট কোনো আলেমের আজান দেওয়া আবশ্যক নয়। যে কেউ শিশুর কানে সরাসরি আজান দিতে পারবেন। প্রয়োজনে কোনো নারীও আজান দিতে পারবেন।
তবে বিশেষ পরিস্থিতিতে শিশুর কাছে উপস্থিত হয়ে আজান দেওয়া সম্ভব না হলে ভিডিও কল বা মুঠোফোনের মাধ্যমে আজান দেওয়াতে শরিয়তের দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে প্রতীয়মান হয়। বিশেষ করে শিশুর বাবা বা অন্য কোনো নিকটাত্মীয় দূরে অবস্থান করলে এভাবে আজান দিতে পারেন। তবে এটিকে সরাসরি আজান দেওয়ার সমতুল্য বা বিশেষ ফজিলতপূর্ণ মনে করা যাবে না।
তাই সম্ভব হলে নবজাতকের কাছে উপস্থিত হয়ে সরাসরি আজান দেওয়াই উত্তম ও মূল পদ্ধতি। আর তা সম্ভব না হলে ভিডিও কলের মাধ্যমে আজান দেওয়াতেও অসুবিধা নেই।
এসি/আপ্র/১৪/১১/২০২৬