গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

২৪ দিনের অবরোধে বিপর্যস্ত সাজেকের পর্যটনশিল্প

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৬ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৫ এএম ২০২৬
২৪ দিনের অবরোধে বিপর্যস্ত সাজেকের পর্যটনশিল্প
ছবি

ছবি সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। চতুর্থ দফায় টানা ১৩ দিন ধরে চলা এ অবরোধে কার্যত বন্ধ হয়ে পড়েছে পর্যটন ও স্বাভাবিক যোগাযোগব্যবস্থা। গত ১১ অক্টোবর থেকে বিভিন্ন পর্যায়ে চলমান অবরোধে ১৪ নভেম্বর পর্যন্ত মোট ২৪ দিন সড়ক যোগাযোগ বন্ধ বা সীমিত থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

গতকাল শনিবার সকালেও সাজেক পর্যটন সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে স্লোগান দিয়ে পিকেটিং করেন অবরোধকারীরা। সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ব্যানারে চলা এ কর্মসূচিতে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১১ অক্টোবর থেকে সাজেকের পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি শুরু হয়। প্রথম দফার অবরোধে পর্যটক ও যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে কয়েক দফায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়া হয়। পরে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ শিথিল থাকায় কিছু পর্যটক সাজেকে যাতায়াত করেন। তবে ২২ অক্টোবর থেকে আবারও উত্তেজনা ও অবরোধ পরিস্থিতি তৈরি হয়।

পরবর্তী সময়ে বিভিন্ন সংগঠনের কর্মসূচি, দাবি-দাওয়া এবং প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। কয়েক দফায় অবরোধ শিথিল ও পুনরায় কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সর্বশেষ চতুর্থ দফায় অনির্দিষ্টকালের অবরোধের ১৩ দিন পার হয়েছে।

অবরোধের কারণে সাজেকের সঙ্গে দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পর্যটকদের আগমন বন্ধ থাকায় শতাধিক রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ ও পর্যটননির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানে স্থবিরতা নেমে এসেছে। পর্যটক পরিবহনে ব্যবহৃত চাঁদের গাড়ি, মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের চালকেরাও কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে আয় বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সাজেকের পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, দীর্ঘস্থায়ী অবরোধে ইতিমধ্যে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। রিসোর্ট ও কটেজের বুকিং বাতিল, পরিবহন ভাড়া, রেস্তোরাঁর ব্যবসা এবং কর্মচারীদের বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে ক্ষতির পরিমাণ বাড়ছে। অনেক উদ্যোক্তা ঋণ নিয়ে পর্যটন ব্যবসায় বিনিয়োগ করায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাজেকের রুইলুই রিসোর্টের পরিচালক মিশু দে বলেন, মৌসুম শুরুর আগেই রিসোর্ট সংস্কার করে পর্যটকদের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু এক মাসের অবরোধে সাজেক পর্যটনকেন্দ্র কার্যত বন্ধ রয়েছে। এতে এখানকার উদ্যোক্তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত সংকটের সমাধান করে পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়ার দাবি জানান তিনি।

অবরোধের প্রভাবে স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের যাতায়াতও ব্যাহত হচ্ছে। বিভিন্ন সময়ে কৃষিপণ্য ও জরুরি পণ্য পরিবহনের জন্য অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হলেও সামগ্রিক যোগাযোগ পরিস্থিতির উন্নতি হয়নি।

সাজেকের তারেং ডিপার্টমেন্টাল স্টোরের মালিক জনিসন চাকমা বলেন, ব্যবসা কার্যত বন্ধ হয়ে গেছে। পর্যটক ছাড়া সাজেক অচল। তাঁদের চারটি মুদি দোকানের মধ্যে দুটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। বাকি দুটি মাঝেমধ্যে খোলা রাখা হলেও দোকানে পর্যাপ্ত মালামাল নেই। পণ্য পরিবহনের জন্য গাড়ি চলাচলের কথা থাকলেও বাস্তবে তা চলছে না। ফলে তাঁরা বেকার সময় কাটাচ্ছেন।

সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কার্যকর সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি। সংসদ সদস্যদের পক্ষ থেকেও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সাজেকের সংকট সমাধানে দুই সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়েছিল। তবে সেখানে কোনো সমাধান না হওয়ায় অবরোধ অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। সংকট নিরসনে এখনো চেষ্টা চলছে। দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার অবস্থান জানানো হয়েছে। অন্যদিকে পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আলোচনার মাধ্যমে সংকট নিরসন, পর্যটন সড়কে স্বাভাবিক যান চলাচল এবং সাজেকের পর্যটনশিল্প সচল করার দাবি জানিয়েছেন।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, প্রায় এক মাসের অবরোধে সাজেকের পর্যটনশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় উদ্যোক্তারা হতাশ, স্থানীয় বাসিন্দারাও বেকার সময় পার করছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে পর্যটনশিল্প ধ্বংস হয়ে যাবে এবং শত শত মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। সংকট সমাধানে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

দীর্ঘদিনের এ অচলাবস্থায় সাজেকের পর্যটন অর্থনীতি, স্থানীয় জনজীবন ও যোগাযোগব্যবস্থা ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কার্যকর সংলাপ ও সমঝোতা প্রতিষ্ঠিত না হলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এসি/আপ্র/১৪/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার
১৪ নভেম্বর ২০২৬

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দে...

চাঁদা না পেয়ে রেস্তোরাঁয় গুলি, চাপাতি উঁচিয়ে মোটরসাইকেলে পালায় দুই যুবক
১৪ নভেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে রেস্তোরাঁয় গুলি, চাপাতি উঁচিয়ে মোটরসাইকেলে পালায় দুই যুবক

রাজধানীর মোহাম্মদপুরে ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মধ্যে একটি রে...

বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
১৩ নভেম্বর ২০২৬

বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম...

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে আরো ৫০ জনের সুযোগ
১৩ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে আরো ৫০ জনের সুযোগ

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমে আরো ৫০ জন প্রার্থীকে সাক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে