গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, সচেতনতায় জোর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:০৯ এএম ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, সচেতনতায় জোর
ছবি

ছবি সংগৃহীত

আজ শনিবার, ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবারের দিবসের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

ডায়াবেটিস বর্তমানে বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। সময়মতো রোগ শনাক্ত, নিয়মিত চিকিৎসা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের অভাবে এ রোগ থেকে হৃদ্রোগ, কিডনি জটিলতা, দৃষ্টিশক্তি হারানো, স্নায়ু ও রক্তনালির ক্ষতিসহ নানা গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সংক্রমণ ও পায়ের টিস্যুতে পচন ধরার কারণে অঙ্গচ্ছেদেরও প্রয়োজন হয়।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা এবং মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন, নিয়মিত শারীরিক পরিশ্রম ও হাঁটার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এ রোগ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা যায়।

দিবসটি উপলক্ষে শুক্রবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করতে হবে। নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। এর ফলে সংক্রমণসহ গুরুতর জটিলতা দেখা দিতে পারে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে অঙ্গচ্ছেদের প্রয়োজন হতে পারে।

তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে সারা জীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সুস্থ থাকতে এ রোগের ঝুঁকি সম্পর্কে জানা এবং নিজেকে সুরক্ষিত রাখতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়।

তিনি বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদ্যন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্ত, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, সরকার সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে প্রত্যেকে সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তারেক রহমান বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।

তিনি বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়।

আগামী দিনগুলোতেও সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। বাণীতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সানা/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও আগাম পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
১৩ নভেম্বর ২০২৬

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও আগাম পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এব...

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫৫
১৩ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রা...

হামের উপসর্গে মৃত্যু ১,৩০০ ছাড়ালো
১৩ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে মৃত্যু ১,৩০০ ছাড়ালো

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হ...

দেশে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু ও হাসপাতালে ভর্তি ১৫৪১
১২ নভেম্বর ২০২৬

দেশে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু ও হাসপাতালে ভর্তি ১৫৪১

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে চারজন শিশুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে