রাজধানীর বাজারে সরু ও মাঝারি চালের দাম বাড়লেও শীতকালীন কিছু সবজির সরবরাহ বাড়তে শুরু করায় সেগুলোর দামে কিছুটা স্বস্তি ফিরেছে। বিশেষ করে শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার দাম কয়েকটি বাজারে কমেছে। তবে সবজির বাজারে সর্বত্র একই চিত্র নেই। কোথাও আগাম শীতকালীন সবজি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছ, মাংস ও মসলার বাজারেও স্বস্তি নেই। ডিমের দাম কিছুটা কমলেও ব্রয়লার ও সোনালি মুরগি, গরু ও খাসির মাংসের দাম রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, বছিলা, উত্তরার সমবায় বাজার, রায়ের বাজার, ধুপখোলা ও সূত্রাপুরসহ বিভিন্ন বাজার ঘুরে এবং বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের এমন চিত্র পাওয়া গেছে।
মোহাম্মদপুর টাউন হল বাজারে বাজার করতে আসা লালমাটিয়ার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আবু রায়হানের হাতে ছিল কাটা মুরগি, আলু, ফুলকপি ও শিম। পণ্যের দাম নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘একটার দাম কমলে আরেকটার বাড়ে। ডিম-মুরগি তো যা উঠছে, আর নামে না।’
তিনি জানান, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮৫ টাকা দরে কিনেছেন। অনেক দিন ধরেই এ দাম রয়েছে। তবে চার দিন আগে পুরোনো আটাশ চালের ২৫ কেজির বস্তা কিনেছেন ১ হাজার ৪৫০ টাকায়। গত মাসে একই পরিমাণ চাল কিনতে খরচ হয়েছিল ১ হাজার ৩২০ টাকা।
চালের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা: গত সপ্তাহের তুলনায় সরু ও মাঝারি চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে সরু চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকা এবং মাঝারি চাল ৫৫ থেকে ৬৪ টাকা কেজি দরে। মোটা চালের দাম অবশ্য আগের সপ্তাহের মতোই ৫৫ থেকে ৬০ টাকা রয়েছে।
সরু চালের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে নাজিরশাইলের দাম। নভেম্বরের শুরু থেকেই এ চালের দাম বাড়তে শুরু করেছে। শুক্রবার বাজারে মানভেদে নাজিরশাইল বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে। আরেক ধরনের নাজিরশাইলের দাম ছিল ৮০ টাকা।
কৃষি মার্কেটের নতুন কাঁচাবাজারের আল্লাহর দান চাউল ভান্ডারের স্বত্বাধিকারী লোকমান বলেন, ধানের দাম বাড়তি। মিলাররাও দাম বাড়িয়েছেন। বস্তাপ্রতি চালের দাম ২৫০ থেকে ৩০০ টাকা বেড়েছে। আগে ৭৫ টাকা কেজি দরের চাল এখন ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। দুই সপ্তাহ ধরে নাজিরশাইলের দাম বাড়ছে। ৭৫ টাকা কেজির চাল এখন বিক্রি করতে হচ্ছে ৮৫ টাকায়।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মাহবুবুর রহমান জানান, প্রতি সপ্তাহে চাল কেনেন তিনি। গত সপ্তাহে ৮০ টাকা কেজি দরে নাজির-২ চাল কিনলেও শুক্রবার একই চালের দাম চাওয়া হয়েছে ৮৫ টাকা। তাই এবার ৭৫ টাকা কেজি দরের মিনিকেট কিনেছেন।
কৃষি মার্কেটে পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৬ টাকা এবং বিআর আটাশ ৬০ টাকা কেজি দরে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বৃহস্পতিবারের মূল্যতালিকা অনুযায়ী, বাজারে নাজিরশাইল চালের দাম ছিল ৭০ থেকে ৯০ টাকা কেজি। গত মাসের তুলনায় এ চালের দাম বেড়েছে ৩ দশমিক ২৩ শতাংশ। তবে একই সময়ে মাঝারি চালের দাম ১ দশমিক ৬৩ শতাংশ কমেছে। মোটা চালের দাম বেড়েছে ২ দশমিক ৮৬ শতাংশ।
শীতের সবজিতে বাজারভেদে ভিন্ন চিত্র: শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর কয়েকটি বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার দাম কমেছে। তবে অন্য বাজারগুলোতে নতুন সবজির দাম এখনো বেশ চড়া। বিক্রেতাদের ভাষ্য, শীতের মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ কম। ডিসেম্বরের দিকে সরবরাহ বাড়লে দাম আরো কমতে পারে।
মোহাম্মদপুর টাউন হল বাজারে গত সপ্তাহে প্রতি কেজি শিম ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হলেও শুক্রবার তা ৫০ থেকে ৭০ টাকায় নেমেছে। ফুলকপি ও বাঁধাকপি গত সপ্তাহে প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকা থাকলেও মাঝারি আকারের এসব সবজি এখন ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
বাজারটির সবজি বিক্রেতা নুরুল ইসলাম বলেন, বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামও কমতির দিকে। বড় আকারের ফুলকপি ও বাঁধাকপির সরবরাহ বাড়লে দাম সামনে আরো কমবে।
তবে একই দিন রাজধানীর অন্যান্য বাজারে সবজির দাম ছিল তুলনামূলক বেশি। বিভিন্ন বাজারে নতুন আলু ১৪০ থেকে ১৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১২০ টাকা, গোল বেগুন ৬০ থেকে ১০০ টাকা, লম্বা বেগুন ৫০ থেকে ৮০ টাকা, করলা ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ১২০ টাকা এবং শসা ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
উত্তরার সমবায় বাজারে ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, গাজর ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পুরোনো দেশি টমেটোর দাম ছিল ১৪০ টাকা। নতুন আলু ১২০ টাকা এবং পুরোনো আলু ২০ থেকে ২৫ টাকা কেজি দরে পাওয়া গেছে। শালগম ৮০ ও ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এ ছাড়া বরবটি ৯০ টাকা, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও পটোল ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। দেশি শসা ৮০ ও হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে পাওয়া গেছে। পেঁয়াজের দাম ছিল ৫০ টাকা, দেশি রসুন ৯০ টাকা, বড় আকারের রসুন ১৮০ টাকা এবং আদা ১৬০ টাকা কেজি।
বাজারের বিক্রেতা ইসরাফিল আলম বলেন, শীতের প্রায় সব ধরনের সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে টমেটো, গাজর ও শিমের মতো আগাম সবজির দাম তুলনামূলক বেশি। মৌসুমের শুরুতে এসব সবজির দাম সাধারণত বেশি থাকে। সরবরাহ বাড়লে দাম কমবে।
আরেক বিক্রেতা ফিরোজ মিয়া বলেন, ডিসেম্বরের দিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লে তুলনামূলক কম দামে বিক্রি করা সম্ভব হবে।
উত্তরার বাজারে কেনাকাটা করতে আসা মাহমুদা খানম বলেন, নতুন নতুন সবজি বাজারে উঠেছে। দেখতে ভালো লাগলেও দাম শুনে কেনার আগ্রহ কমে যায়। অনেক সবজির দামই এখন বেশি। ক্রেতা আবদুস সোবহানের অভিযোগ, বাড়তি দামের কারণে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। অল্প অল্প করে পণ্য কিনতে হচ্ছে। বিক্রেতারা কখনো ডিসেম্বর, কখনো জানুয়ারিতে দাম কমার কথা বলেন। কিন্তু সাধারণ মানুষকে প্রতিদিনই বাজার করতে হয়।
মাছ-মাংসের বাজারে স্বস্তি নেই: রাজধানীর মাছের বাজারে বেশির ভাগ মাছই বিক্রি হচ্ছে উচ্চ দামে। রায়ের বাজারে শুক্রবার সকালে বিভিন্ন ধরনের মাছের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা কমবেশি হয়েছে। তবে সামুদ্রিক ও দেশি মাছের তুলনায় চাষের মাছের দাম কম হওয়ায় সেদিকেই ঝুঁকছেন ক্রেতারা।
বাজারে পাঙাশ ২২০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, রুই ২৮০ টাকা, পাবদা ৩৫০ টাকা, চাষের শিং ৩৮০ টাকা, পোয়া ৩৫০ টাকা এবং বায়লা মাছ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বড় আকারের কাতল মাছের দাম ছিল ৬০০ থেকে ৮০০ টাকা।
অন্যদিকে চিংড়ি ৭০০ থেকে ৯০০ টাকা, সামুদ্রিক পাঙাশ ১ হাজার ২০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং দেশি শিং ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
মাছ বিক্রেতা আজাদ রশীদ বলেন, চাষের মাছের দাম তুলনামূলক কম। এ মাছ আছে বলেই মানুষ মাছ খেতে পারছে। সামুদ্রিক ও দেশি মাছ কিনতে হলে চাষের মাছের দ্বিগুণ, অনেক ক্ষেত্রে তিন গুণ দাম দিতে হয়।
রায়ের বাজার থেকে এক কেজি পোয়া মাছ কিনেছেন বুলবুল আহমেদ। তিনি জানান, ৩৫০ টাকা কেজি দরে মাছটি কিনেছেন।
রাজধানীর অন্যান্য বাজারে রুই ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। চাষের কইয়ের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা।
ইলিশের দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বড় আকারের ইলিশের দাম উঠেছে ২ হাজার ৬০০ টাকারও বেশি।
মাংসের বাজারেও তেমন পরিবর্তন নেই। রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গরুর মাংসের দাম ছিল ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি। মোহাম্মদপুর ও টাউন হল বাজারে ব্রয়লার মুরগির দাম ছিল ১৮০ থেকে ১৮৫ টাকা এবং সোনালি মুরগি ২৫০ থেকে ২৮০ টাকা।
ডিম ও মসলার দামেও ভিন্ন প্রবণতা: গত সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা কমেছে। রাজধানীর বাজারে আগের সপ্তাহে বাদামি ডিমের ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা থাকলেও শুক্রবার টাউন হল বাজারে তা বিক্রি হয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। তবে অন্য কয়েকটি বাজারে লাল ডিমের ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি হয়েছে।
মসলার বাজারে জিরা ও ছোট এলাচের দাম বেড়েছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে জিরা কেজিপ্রতি ৫৬০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। গত সপ্তাহে দাম ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। ছোট এলাচের দামও কেজিতে ৩০০ টাকা পর্যন্ত বেড়ে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায় উঠেছে।
কৃষি মার্কেটের বিসমিল্লাহ ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫০ গ্রাম এলাচ কিনতে ২৬০ টাকা খরচ হয়েছে ক্রেতা ইয়াসমিন আক্তারের। তিনি ১০০ গ্রাম জিরা কিনেছেন ৭০ টাকায়। অন্যদিকে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৪০ থেকে ৫৫ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে সংসারের ব্যয়: বাজারে নিত্যপণ্যের বাড়তি দামের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। সরকারি হিসাবে, গত অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।
অন্যদিকে অক্টোবরে জাতীয় গড় মজুরির হার ছিল ৭ দশমিক ৬৩ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ এবং আগস্টে ৮ দশমিক শূন্য ৫ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম।
গত ২১ সেপ্টেম্বর অকটেন, ডিজেল ও পেট্রোলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় নভেম্বরে রান্নার কাজে বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে।
ফলে শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছু পণ্যে সাময়িক স্বস্তি মিললেও চাল, মাছ, মাংস, মসলা ও রান্নার জ্বালানির বাড়তি দামে সামগ্রিক বাজারব্যয়ের চাপ থেকে মুক্তি পাচ্ছেন না ক্রেতারা।
সানা/কেএমএএ/আপ্র/১৩/১১/২০২৬