কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে কমিটির সদস্যরা উপজেলার বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়ার পাশাপাশি সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন তাঁরা। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটি গঠন করে। শুক্রবার থেকে তাঁরা তদন্তকাজ শুরু করেছেন। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
চার সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ, বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন। কমিটিতে আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, বিভিন্ন ব্যক্তির বক্তব্য ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হচ্ছে। এ কাজে বিভিন্ন সরকারি সংস্থার সহায়তাও নেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের দুটি দল মাঠে কাজ করছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকে আসামি করা হয়েছে।
এর আগে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম মো. তোজাম্মেল হক জানিয়েছিলেন, উদ্ধার করা মিটার, বৈদ্যুতিক তার ও ফিউজ পরীক্ষা করে শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর ভাষ্য, মিটারের সঙ্গে সংযুক্ত চারটি তার, ভেতরের সার্কিট, মেইন সুইচের কাটআউট, ট্রান্সফরমারের ফিউজ ও সার্ভিস ড্রপ তার অক্ষত ছিল। এ কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেনি বলে তাঁরা মনে করছেন।
তবে বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের শব্দ বা দেয়ালে পেট্রলবোমার চিহ্ন পাওয়া যায়নি। বাড়িটি পুরোনো এবং বৈদ্যুতিক সংযোগ দুর্বল হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না।
নুসরাত তাবাসসুম এ অগ্নিকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তাঁর দাবি, আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের বিষয়গুলো থেকে তিনি এ ধারণা করছেন। তদন্ত শেষ হওয়ার আগেই সংসদে দাঁড়িয়ে ঘটনার কারণ সম্পর্কে বক্তব্য দেওয়ারও সমালোচনা করেছেন তিনি।
গত বুধবার দিবাগত মধ্যরাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগে। নুসরাত ও তাঁর পরিবারের দাবি, পেট্রলবোমা হামলা চালিয়ে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এখন ঘটনাটির প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে কাজ করছে।
সানা/আপ্র/১৩/১১/২০২৬