গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে শেখ হাসিনাকে: রিজভী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৬ এএম ২০২৬
প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে শেখ হাসিনাকে: রিজভী
ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী -ছবি সংগৃহীত

৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের জনগণকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। একই সঙ্গে দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি ও বিচারিক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

শেখ হাসিনার আইনজীবীদের পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, এসব নথি কেন চাওয়া হচ্ছে এবং কারা চাইছেন? তাঁর ভাষায়, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ সম্পূর্ণ আলাদা বিষয়। কারও বিরুদ্ধে অপরাধের মামলা, রাষ্ট্রীয় মামলা কিংবা দণ্ড থাকলে তাঁকে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরতে হয়। অন্যদিকে, কোনো অভিযোগ না থাকলে একজন ব্যক্তি নিজ দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করতে পারেন।

রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির বিধিবিধান অনুসারেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। তাঁর বিরুদ্ধে বিচার চলমান থাকায় তাঁকে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করতে হবে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বহু মানুষ হত্যার সঙ্গে শেখ হাসিনা জড়িত বলে অভিযোগ করে তিনি বলেন, তাঁকে আইনি প্রক্রিয়ায় দেশে এনে আদালতের দেওয়া দণ্ড ভোগ করতে হবে। তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে দেশে ফিরিয়ে আনার কোনো বিষয় এটি নয়।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সেদিন সিপাহি ও জনগণ একসঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল। এটি ছিল জনগণের জাতীয় জাগরণ। এ দিনের প্রেরণা থেকেই আজও মানুষ কথা বলতে পারে, সত্য উচ্চারণ করতে পারে এবং যেকোনো স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায়।

তিনি বলেন, ১৯৭১ সালে নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের প্রকৃত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ৭ নভেম্বরের মধ্য দিয়ে জনগণের স্বাধীনতা, নাগরিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়।

রিজভী বলেন, বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। দেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, একক শাসন নয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেনাবাহিনী ও জনগণের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ছিল। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে অন্ধকার, দুঃশাসন ও নির্যাতন থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতার পথ তৈরি হয়।

বিএনপির এই নেতা বলেন, পরবর্তী সময়ে গণতন্ত্রের ওপর বারবার আঘাত এসেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বে ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের চরিত্র পরিবর্তিত হয়ে গুম, গুপ্তহত্যা ও নির্যাতনের অভিযোগ সামনে আসে।

রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি ও গণতন্ত্রকামী জনগণ দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কারও স্ত্রী, বোন কিংবা পরিবারের সদস্য হিসেবে নয়, নারীরা নিজেদের অবস্থান থেকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আন্দোলনে অংশ নিয়ে অনেক নারী গ্রেফতার, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

তিনি বলেন, বিএনপির মহিলা সংগঠন একটি আধুনিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ বন্ধ, নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে মহিলা সংগঠনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, নারীরা ভালো চাকরি করবেন, নিজের পায়ে দাঁড়াবেন এবং পরিবারের পাশাপাশি সমাজকেও আলোকিত করবেন। নারী উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দেওয়ার উদ্যোগ তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করতে পারে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সঞ্চালনা করেন সুলতানা আহমেদ। এতে মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার
১২ নভেম্বর ২০২৬

সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চ...

শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম
১২ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম

বিগত সরকারের আমলে তৈরি মানবতাবিরোধী অপরাধের আইনেই শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার হবে বলে মন্তব্য করে...

নগর পুড়িলে দেবালয় এড়ায় না, আজ আমি কাল আপনি: নাহিদ ইসলাম
১২ নভেম্বর ২০২৬

নগর পুড়িলে দেবালয় এড়ায় না, আজ আমি কাল আপনি: নাহিদ ইসলাম

নগর পুড়িলে দেবালায় এড়ায় না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ ন...

আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন নিয়ে দ্বৈত বক্তব্য সরকারের
১০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন নিয়ে দ্বৈত বক্তব্য সরকারের

সংসদ অধিবেশনে শফিকুর রহমান

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে