সৌদি আরবের সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পাশে দাঁড়িয়ে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।
তিনি বলেছেন, সৌদি আরবের পাশে সারা বিশ্বের ২০০ কোটি মুসলমান রয়েছেন। প্রয়োজনে সৌদি সরকারের আহ্বানে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে দেশটির পাশে দাঁড়াবে।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ঘোষণা দিচ্ছি, সৌদি আরবের পাশে সারা পৃথিবীর ২০০ কোটি মুসলমান রয়েছে। আমরা অপেক্ষায় আছি। সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান তাদের পাশে থেকে যুদ্ধ করতে প্রস্তুত।
অতীতের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। তখন বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল। ওই দল হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের উৎখাত করেছিল বলে তিনি দাবি করেন। সে সময়ের মতো বাংলাদেশ এখনো সৌদি আরবের পাশে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সৌদি আরবে হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানিয়ে খেলাফত আন্দোলনের আমির বলেন, জাতিসংঘের মাধ্যমে হুথিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। যুদ্ধের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা সৌদি আরবে হামলা চালিয়েছে, তাদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।
ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের সব মুসলমান সৌদি আরবের পাশে থাকবেন। প্রয়োজনে বিশ্ব ঐক্যের আহ্বান জানালে সারা পৃথিবীর মুসলমানদের সমর্থন পাওয়া যাবে।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
সানা/আপ্র/১৩/১১/২০২৬