রাজধানীর বিমানবন্দর সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে স্কলাস্টিকা স্কুলের সামনে ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ী গাড়িটি এখনো আটক করতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোবারক হোসেন রাজু (২৪) এবং গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর এলাকার শহিদুল ইসলাম সরদারের ছেলে ফরিদুল ইসলাম সরদার (৪০)। রাজু একটি আবাসন প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার এবং ফরিদুল ওই প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ২টার দিকে তাঁরা মোটরসাইকেলে উত্তরা যাওয়ার পথে স্কলাস্টিকা স্কুলের সামনে ফ্লাইওভারের নিচে একটি পাজেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এসআই শফিকুল ইসলাম আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত পাজেরো গাড়িটি শনাক্ত ও আটক করার চেষ্টা করছে পুলিশ।
সানা/কেএমএএ/আপ্র/১৩/১১/২০২৬