রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের মামলায় ছাত্রলীগের এক নেতাসহ ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন। আসামিদের জামিন আবেদনের বিষয়ে অধিকতর শুনানির জন্য রোববার (১৫ নভেম্বর) দিন ধার্য করেছেন আদালত।
প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ তথ্য জানান।
কারাগারে পাঠানো আসামিরা হলেন ৩১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ মোল্লা ওরফে রাজা, যুবলীগ কর্মী আকবর হোসেন, বারের ব্যবস্থাপক সুমন মিয়া, বাউন্সার জসিম খান, শাহাদাত ইসলাম, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, শিপন, মাহবুব, কাইয়ুম ও রাকিবুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) উক্যমং রাখাইন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাজা ও আকবর ছাড়া অন্য নয়জনের পক্ষে আইনজীবী সালাউদ্দিন নিয়াজী জামিনের আবেদন করেন।
শুনানিতে আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলরা কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারের কর্মী, রাজনীতির সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা নেই। তাঁরা নিজেরাই ঘটনার শিকার হয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও নেই।
মামলাটি সাজানো দাবি করে তিনি বলেন, ১৩ নভেম্বর আসামিদের কারাগারে আটক রাখার আবেদনে ১২ নভেম্বর তারিখ লেখা হয়েছে। তাঁর মতে, এ অসংগতিই মামলাটি সাজানো হওয়ার ইঙ্গিত দেয়। পরে তিনি আসামিদের জামিনের আবেদন জানান।
শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন বিষয়ে অধিকতর শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, বুধবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন নিলয়, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব, ছাত্রদল কর্মী আকাশসহ কয়েকজন ধানমন্ডি কাবাব ঘর থেকে তানভীর আহাম্মেদ মোল্লা ও আকবর হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিলেন।
রাত সাড়ে ৮টার দিকে তাঁরা ধানমন্ডি-২৭ নম্বরে ঢাকা ব্যাংকের নিচে পৌঁছালে কয়লা বারের ব্যবস্থাপক সুমন মিয়ার নির্দেশে অন্য আসামি ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বেতের লাঠি, লোহার রড ও হকি স্টিক দিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁদের এলোপাতাড়ি মারধর করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশও ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন মিলে ১১ জনকে আটক করেন। অন্যরা পালিয়ে যান।
এ ঘটনায় মোতাহার হোসেন বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় মামলা করেন।
সানা/কেএমএএ/আপ্র/১৩/১১/২০২৬