এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সুযোগ দিচ্ছে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়। এ জন্য কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। এসব বিশ্ববিদ্যালয় আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তে অনড় রয়েছে।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদেরও সময়সূচি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের গড় হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
এবার সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা। গত বৃহস্পতিবার পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্য ও তাঁদের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় আগামী জানুয়ারি থেকে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। ওই সভার পর কয়েকটি বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে ভর্তি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়টির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ এবং ভর্তির ন্যূনতম জিপিএসহ অন্যান্য যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদন করতে পারবেন। তবে এর আগে চাইলে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে ব্যবহারকারী হিসেবে নিবন্ধন করতে পারবেন তাঁরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত উপকমিটির সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পুনর্র্নিধারণ করা হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদন করতে পারবেন। এ জন্য ফল প্রকাশের পর তাঁদের সাত দিন সময় দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর ভর্তি কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হবে। সব শিক্ষার্থীর জন্য উপযোগী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যাতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ১ জানুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হবে। বিভিন্ন অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারি। ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন জানিয়েছেন, সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এসএসসির ফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। পরে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে সম্পূরক পরীক্ষায় অকৃতকার্য হলে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচিও পুনর্র্নিধারণ করা হয়েছে। আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১০ নভেম্বর কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি, যোগ্যতা, সময়সূচি ও অন্যান্য প্রক্রিয়ার বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণও পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগে ১৫ নভেম্বর থেকে আবেদন শুরুর কথা ছিল। তবে আবেদনের সময় পরিবর্তন করা হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত তারিখ অপরিবর্তিত রয়েছে। আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে সম্পূরক পরীক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
ঢাবি, জাবি ও বুয়েটে সুযোগ নেই: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার সুযোগ রাখেনি।
বুয়েটে আগামী ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একরামুল হক গত বুধবার জানিয়েছেন, ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হবে না। আগামী ২১ নভেম্বর থেকে আবেদনপত্র বিতরণ শুরু হবে। ফলে ঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন হলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানিয়েছেন, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদনপ্রক্রিয়া শেষ করা হবে। এ সময়সূচি অনুযায়ী সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন না।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির গত সোমবারের জরুরি সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর আবেদনের শেষ দিন। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ফলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ থাকছে না।
সানা/কেএমএএ/আপ্র/১৩/১১/২০২৬