ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে দুই চীনা শিক্ষার্থী ইতোমধ্যে নিজ দেশে ফিরে গেছেন। বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ ছাড়বেন।
বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল পি জে হার্টগ ইন্টারন্যাশনালের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার এ তথ্য জানিয়েছেন।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটতে দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এ ঘটনায় দুজন শিক্ষার্থী চীনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন। বাকি ছয়জনের আরো কয়েক দিন পর যাওয়ার কথা থাকলেও ক্যাম্পাসে ককটেল আতঙ্কের কারণে তাঁরা ১৩ নভেম্বর ফিরে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপের কথা জানানোর পর অন্য শিক্ষার্থীরা আশ্বস্ত হয়েছেন বলে দাবি করেন অধ্যাপক কাউসার। তিনি বলেন, অন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তাব্যবস্থার বিষয়ে জানানো হয়েছে। এতে তাঁরা আশ্বস্ত হয়েছেন।
গত রোববার থেকে টানা তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর হাতবোমা বিস্ফোরণে চালকসহ দুজন আহত হন। এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা তল্লাশিচৌকি বসানো হয়েছে।
এসি/আপ্র/১২/১১/২০২৬