মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮টি শয্যা বাড়িয়েছে বর্তমান সরকার। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি শয্যার প্রাপ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তসংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এ ছাড়া একই সময়ে ১৫ মে ও ১৪ জুন সরকার নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এর একটি হবে ঠাকুরগাঁওয়ে, অন্যটি নরসিংদীতে।
গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে।
২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা দ্বিগুণ করা হয়। হাসপাতাল দুটির শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ বাড়ানো হয়েছে। গত ১৩ জুলাই এক আদেশে হাসপাতালটির শয্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়।
একই দিনে রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে। অর্থাৎ হাসপাতাল দুটিতে ১৫০টি করে শয্যা বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া একই দিনে রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে। লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। জুনে নরসিংদী জেলা হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়।
১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়েছে। একইভাবে ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০টি বৃদ্ধি করা হয়।
দেশজুড়ে চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে জুনে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে ১২ আগস্ট ওই সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার নতুন পরিকল্পনা নেওয়া হয়।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। ফেনীর আরেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়েছে। এ ছাড়া ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে।
এদিকে রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া ও ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে ১১৫টি শয্যা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির শয্যাসংখ্যা ২৫০টিতে উন্নীত হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার মানুষকে ভালো চিকিৎসাসেবা দিতে চেষ্টা করছে।
তিনি বলেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীদের যাতে শয্যা পেতে সমস্যা না হয়, সে জন্য মানুষের প্রয়োজন বিবেচনায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে। আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৫১ শয্যা প্রস্তুত করা হলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা যাবে।
এসি/আপ্র/১২/১১/২০২৬