বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ—এমন গুঞ্জন উঠেছে। তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠার পর এ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’।
প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বুধবার (১৮ নভেম্বর) বৈঠকে বসতে পারে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। অভিযোগ রয়েছে, চীনা ব্যবসায়ী ও কথিত গুপ্তচর অ্যালিস হুয়াং এবং এনভিডিয়ার এক নারী কর্মকর্তার সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।
এর আগে এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার কথা স্বীকার করে ক্ষমা চান জেনসেন হুয়াং। নিজের আচরণের পক্ষে কোনো অজুহাত নেই বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ তদন্তে একটি স্বাধীন কমিটি গঠন করেছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস হওয়ার কোনো কারণ তারা দেখছে না। তবে অভিযোগ-সংশ্লিষ্ট সব তথ্য খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন সদস্য এ বিষয়ে হুয়াংকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছেন। আগামী ১৮ নভেম্বর তাঁকে এ বিষয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এসি/আপ্র/১২/১১/২০২৬