জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তাঁর অভিযোগ, জলবায়ু সংকট মোকাবিলার নামে আয়োজিত সম্মেলনে এমন সব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন, যারা পরিবেশ ধ্বংসের মাধ্যমে মুনাফা অর্জন করছে। বিশ্বনেতাদের নিজেদের ক্ষমতা ও স্বার্থের পরিবর্তে মানুষ এবং পৃথিবীকে রক্ষায় কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনে পৌঁছে গ্রেটা বলেন, প্রতিবছর এ সম্মেলন একধরনের ভণ্ডামিতে পরিণত হচ্ছে। আয়োজক দেশগুলো নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সুযোগ নিচ্ছে। অথচ সম্মেলনে এমন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ভিড় দেখা যায়, যারা বিশ্বজুড়ে চলমান পরিবেশ বিপর্যয় থেকে লাভবান হচ্ছে।
গ্রেটার মতে, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা মানুষ ও প্রকৃতির জন্য অনুপযোগী হয়ে পড়েছে। গুটিকয়েক ধনী ও ক্ষমতাবান মানুষের সীমাহীন মুনাফা এবং ক্ষমতার লোভের মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষ ও পৃথিবীকে। জলবায়ু পরিবর্তন মানুষের জীবন ও প্রয়োজনীয় সম্পদকে বড় ঝুঁকির মুখে ফেলেছে।
বিশ্বজুড়ে দাবদাহ, ভয়াবহ বন্যা এবং ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যৌথ আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া পরিবেশবান্ধব জ্বালানির কথা বললেও বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লার ওপর নির্ভরশীল। আগের আয়োজক ব্রাজিল, দুবাই ও আজারবাইজানও বিশ্ববাজারে তেল বিক্রির বড় অংশীদার।
২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সুইডেনের পার্লামেন্টের সামনে পরিবেশ রক্ষার দাবিতে একক ধর্মঘট শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা। ২০২১ সালে গ্লাসগো সম্মেলনের পর এবারই প্রথম কোনো জলবায়ু সম্মেলনে যোগ দিলেন তিনি। ওই সম্মেলনে বিশ্বনেতাদের প্রতিশ্রুতিকে ‘ফাঁকা বুলি’ বলেছিলেন।
গ্রেটার উপস্থিতিতে আনতালিয়ায় তরুণ পরিবেশকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁরা উন্নত দেশগুলোর কাছে পরিবেশ তহবিলের অর্থ ছাড়ের দাবি জানাচ্ছেন। ২৬ বছর বয়সী পরিবেশকর্মী আম্বার টার্নার বলেন, গ্রেটার উপস্থিতি আন্দোলনের মূল উদ্দেশ্য স্মরণ করিয়ে দেবে। সিঙ্গাপুরের তরুণ কর্মী কিইয়ুন উর আশা, তাঁর উপস্থিতি বিশ্বনেতাদের সামনে নতুন প্রজন্মের দাবি আরো জোরালো করবে।
সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। আগামী বছর নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হবে কপ-৩২। সূত্র: এপি
সানা/ডিসি/আপ্র/১১/১১/২০২৬