গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

চার দিনে ৬০ ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজধানীজুড়ে পুলিশের কড়া নজরদারি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪০ এএম ২০২৬
চার দিনে ৬০ ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজধানীজুড়ে পুলিশের কড়া নজরদারি
ছবি

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং পুলিশি টহল জোরদার করেছে ডিএমপি -ছবি সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চার দিনে ৬০টি ককটেল বিস্ফোরণ ও একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং পুলিশি টহল জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে দেশের কয়েকটি জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন পুলিশপ্রধান।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত তিন দিনে দেশের বিভিন্ন স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে এবং ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আরো ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সব মিলিয়ে চার দিনে ককটেল বিস্ফোরণের সংখ্যা দাঁড়িয়েছে ৬০টি।

পুলিশের হিসাব অনুযায়ী, ১০ নভেম্বর সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের আওতাধীন ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে রাজধানীর সাতটি স্থানে আটটি যানবাহনে আগুন দেওয়া হয়। রাজধানীর বাইরে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম মহানগর এলাকায় দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণায় একটি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

মঙ্গলবার রাজধানীতে নাশকতাসংশ্লিষ্ট ঘটনায় ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৩৩ জনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়েছে। বাকি ২৬ জনকে কোথা থেকে এবং কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। দেশের অন্যান্য এলাকায় ওই দিন কতজন গ্রেফতার হয়েছেন, সেই পরিসংখ্যান প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা। তিনি বলেন, নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

এদিকে নাশকতার ধারাবাহিকতায় পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় এবং থাইগ্লাস ভাঙচুর করে। যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারা। স্থানীয়দের দাবি, হামলাকারীরা এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয়।

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক আসাদুজ্জামান জানান, নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের দ্রুত উদ্যোগে ব্যাংকের প্রয়োজনীয় নথিপত্র রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত ও তথ্য সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নাশকতা প্রতিরোধে রাজধানীতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে ডিএমপি। বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশির পাশাপাশি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হচ্ছে। সন্দেহজনক চলাচলের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। নগরবাসীর জানমাল, নিরাপদ চলাচল এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এ তৎপরতা অব্যাহত থাকবে।

অন্যদিকে, দেশজুড়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা মোকাবিলায় পুলিশপ্রধানের নির্দেশে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নাশকতায় জড়িতদের পেশাদারত্বের সঙ্গে আইনের আওতায় আনার পাশাপাশি অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সানা/আপ্র/১১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না
১১ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন
১১ নভেম্বর ২০২৬

হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন

সংসদে মন্ত্রীর বক্তব্যের সময় হইচই করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যা...

পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে ৩০৮ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নিহত
১১ নভেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে ৩০৮ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নি...

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় গত পাঁচ বছরে ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত এ...

গুমের পর নিখোঁজ ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে
১১ নভেম্বর ২০২৬

গুমের পর নিখোঁজ ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়ার পর আর ফিরে না আসা ২৮০ জনের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই