গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন স্বামী, স্ত্রী ও তাঁদের আট বছর বয়সী ছেলে।
বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তাঁর স্ত্রী শিশু আক্তার এবং তাঁদের ছেলে আরাফাত হোসেন (৮)।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ জানান, শিশু সন্তানকে নিয়ে ওই দম্পতি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই শেষ হয়ে গেল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর বাজারের উড়ালসড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করে। তবে কোন গাড়ির চাপায় তাঁদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সানা/আপ্র/১১/১১/২০২৬