গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

লন্ড্রি দোকানিকে এনসিপি নেত্রীর মারধরের ভিডিও প্রকাশ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৫২ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
লন্ড্রি দোকানিকে এনসিপি নেত্রীর মারধরের ভিডিও প্রকাশ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় এক লন্ড্রি দোকানিকে মারধরের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের এক নেত্রী। ভিডিওতে ওই নেত্রীকে দোকানিকে চড়-থাপ্পড় মারতে দেখা যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন পুরুষও দোকানিকে মারধর করেন। ওই দোকানির বিরুদ্ধে নিজের একটি ভিডিও নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগ করেছেন নেত্রী।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানার তুলাতলী নয়াবাজার এলাকার শাপলা চত্বরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তির নাম খোরশেদ আলম (৩৮)। ওই এলাকায় তাঁর একটি লন্ড্রির দোকান রয়েছে।

রাতে মারধরের ভিডিওটি প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়। জাতীয় নারীশক্তি।’

ভিডিওতে দেখা যায়, লন্ড্রির দোকানে দাঁড়িয়ে থাকা খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারছেন তানিয়া আমিন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন পুরুষও দোকানিকে মারধর করেন। একপর্যায়ে তানিয়াকে বলতে শোনা যায়, ‘এই ধরনের পোস্ট করার সাহস পাস কোথা থেকে? এ ধরনের পোস্ট তুই করবি কেন? তারা মেয়েদের দুর্বল মনে করে। ঘরে তোর মা-বোন নেই?’ ভিডিওর শেষ দিকে ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি আসতে দেখা যায়।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এনসিপি নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে খোরশেদ আলমকে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থলে পুলিশ মারধরের কোনো ঘটনা দেখতে পায়নি। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

ঘটনার ব্যাখ্যা দিয়ে পরে ফেসবুকে আরেকটি পোস্ট দেন তানিয়া আমিন। সেখানে তিনি দাবি করেন, সাত দিন আগে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তিনি একটি ভিডিও প্রকাশ করেছিলেন। খোরশেদ আলম সেই ভিডিও ডাউনলোড করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অশালীন ভাষায় পোস্ট করেন। তাঁকে সতর্ক করার পর পোস্টটি মুছে ফেললেও দুই-তিন দিন পর আবার একই ধরনের পোস্ট দেন।

তানিয়া আমিন মুঠোফোনে বলেন, এ বিষয়ে জানতে চাইলে খোরশেদ তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন এবং গায়ে হাত তুলতে উদ্যত হন। একপর্যায়ে বাধ্য হয়ে তাঁরা তাঁর গায়ে হাত তোলেন। পরে তাঁকে পুলিশের কাছে নিয়ে যান। তানিয়া আরো বলেন, প্রথমে পরিবারের কথা বিবেচনা করে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে পুলিশ তাঁর মুঠোফোন পরীক্ষা করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতার বিষয়ে যোগাযোগের তথ্য পেয়েছে বলে তাঁকে জানিয়েছে।


সানা/কেএমএএ/আপ্র/১১/১১/২০২৬ 

সংশ্লিষ্ট খবর

সফিপুর উড়ালসড়কে গাড়িচাপায় একই পরিবারের তিনজন নিহত
১১ নভেম্বর ২০২৬

সফিপুর উড়ালসড়কে গাড়িচাপায় একই পরিবারের তিনজন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের...

দায়িত্ব পালনে ঠিকাদারের উপহার কেন, প্রশ্ন টিআইবির
১১ নভেম্বর ২০২৬

দায়িত্ব পালনে ঠিকাদারের উপহার কেন, প্রশ্ন টিআইবির

উপহারের নামে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ...

চসিকের গণশুনানিতে নাগরিকদের নানা অভিযোগ
১১ নভেম্বর ২০২৬

চসিকের গণশুনানিতে নাগরিকদের নানা অভিযোগ

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে গণশুনানি অনুষ্ঠি...

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন
১১ নভেম্বর ২০২৬

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম আমবাড়িয়া। চারপাশে গ্রামীণ জীবনের চেনা ছবি, সী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই