গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

দায়িত্ব পালনে ঠিকাদারের উপহার কেন, প্রশ্ন টিআইবির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
দায়িত্ব পালনে ঠিকাদারের উপহার কেন, প্রশ্ন টিআইবির
ছবি

ছবি সংগৃহীত

উপহারের নামে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর একটি বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংস্থাটি বলেছে, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণের সুযোগ নেই। এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ ও দুর্নীতিকে উৎসাহিত করতে পারে।

বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং প্রতিমন্ত্রীর জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে।

টিআইবির বিবৃতিতে বলা হয়, গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেছেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়; তা গ্রহণ করা যায়।

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, সরকারি দায়িত্ব পালনের জন্য উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী কার্যত ঘুষ লেনদেনকে বৈধতা দিচ্ছেন কি না।

তিনি বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্যই তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে অবৈধ অর্থ গ্রহণ করবেন কেন?

ইফতেখারুজ্জামান বলেন, ‘এই কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন? যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন।’

টিআইবির আশঙ্কা, সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাতে পারে। ‘নতুন করে চিন্তা’ করার নামে সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশ তৈরি ও সুরক্ষার চেষ্টা হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলেছে সংস্থাটি। একই সঙ্গে প্রতিমন্ত্রীর বক্তব্য সরকারের নীতিগত অবস্থান কি না, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।

ইফতেখারুজ্জামান আরো বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে ব্যাখ্যা করতে হবে।

আইন ও বিধিমালায় যা বলা আছে: টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী, সরকারি কাজ করার প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে কোনো সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। একইভাবে, দাফতরিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে অথবা অপর্যাপ্ত প্রতিদানের বিনিময়ে মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে দণ্ডবিধির ১৬৫ ধারায় শাস্তির বিধান রয়েছে।

এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, বিধিতে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাতার প্রতি দাফতরিক বাধ্যবাধকতা তৈরি করতে পারে, এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। একই বিধিমালার ৫(৪) অনুযায়ী, সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উৎস থেকে পাওয়া প্রতিটি উপহারের মূল্যসীমা ৫০০ টাকা।

অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির সর্বোচ্চ মূল্য ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। টিআইবির মতে, এই দুটি সীমিত বিধানের কোনোটিই দাফতরিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহারের নামে ব্যক্তিগত সুবিধা গ্রহণের অনুমতি দেয় না।

স্বার্থের সংঘাতের আশঙ্কা: প্রতিমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বার্থের সংঘাতের ঝুঁকির বিষয়টিও তুলে ধরেছে টিআইবি। ইফতেখারুজ্জামান বলেন, একজন প্রকৌশলী যে ঠিকাদারের কাজ তদারক করেন, সেই ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা গ্রহণ করলে প্রকৌশলীর নিরপেক্ষতা বজায় থাকবে কীভাবে? এ ধরনের লেনদেন কাজ তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এতে ঠিকাদারদের মধ্যে সমান সুযোগও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরো বলেন, ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে দুর্নীতি বাড়তে পারে এবং একই চর্চা অন্যান্য সরকারি দপ্তরেও ছড়িয়ে পড়তে পারে। সেবা পাওয়ার পূর্বশর্ত হিসেবে উপহারের নামে অবৈধ অর্থ আদায়ের প্রবণতাও একপর্যায়ে স্বাভাবিক চর্চায় পরিণত হতে পারে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে সমঝোতার লেনদেন হিসেবে উল্লেখ করার বক্তব্যের কথাও সরকারকে স্মরণ করিয়ে দেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের এমন লাগামহীন দুর্নীতিসহায়ক অবস্থান যে নিজেদের জন্য অশনিসংকেত, তা সরকারকে বুঝতে হবে।

বিবৃতিতে টিআইবি প্রতিমন্ত্রীর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে জবাবদিহি নিশ্চিত করা এবং বক্তব্যে সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করার বিষয়টির সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।


সানা/কেএমএএ/আপ্র/১১/১১/২০২৬ 

সংশ্লিষ্ট খবর

সফিপুর উড়ালসড়কে গাড়িচাপায় একই পরিবারের তিনজন নিহত
১১ নভেম্বর ২০২৬

সফিপুর উড়ালসড়কে গাড়িচাপায় একই পরিবারের তিনজন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের...

চসিকের গণশুনানিতে নাগরিকদের নানা অভিযোগ
১১ নভেম্বর ২০২৬

চসিকের গণশুনানিতে নাগরিকদের নানা অভিযোগ

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে গণশুনানি অনুষ্ঠি...

লন্ড্রি দোকানিকে এনসিপি নেত্রীর মারধরের ভিডিও প্রকাশ
১১ নভেম্বর ২০২৬

লন্ড্রি দোকানিকে এনসিপি নেত্রীর মারধরের ভিডিও প্রকাশ

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় এক লন্ড্রি দোকানিকে মারধরের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন জা...

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন
১১ নভেম্বর ২০২৬

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম আমবাড়িয়া। চারপাশে গ্রামীণ জীবনের চেনা ছবি, সী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই