গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম, সৌদিতে কেনীয় মাকে বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০০ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম, সৌদিতে কেনীয় মাকে বেত্রাঘাত
ছবি

গত বছর সৌদি আরবের রিয়াদে এস্থার ওয়ানজা মুথোনি তার তৎকালীন নবজাতক ছেলে আবুডির সঙ্গে -ছবি দ্য নিউ ইয়র্ক টাইমস

সৌদি আরবে অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় কেনীয় নারী এস্থার ওয়ানজা মুথোনিকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন দেশটির আদালত। মানবাধিকার সংগঠনগুলো এ রায়কে নারীর প্রতি বৈষম্যমূলক ও সহিংস আচরণ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের শাস্তির ক্ষেত্রে নারীরাই তুলনামূলক বেশি বৈষম্যের শিকার হন।

মানবাধিকারকর্মীদের দাবি, সৌদি আরবে অনেক অবিবাহিত নারী সন্তান জন্ম দিলেও তাঁদের অধিকাংশের ঘটনা প্রকাশ্যে আসে না। এস্থারের ঘটনা সামনে এসেছে হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার কারণে। দেশটির হাসপাতালগুলোতে অবিবাহিত নারীর সন্তান জন্মের তথ্য কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে।

উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘ডু বোল্ড’-এর প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভা বলেন, অনেক নারী বাড়িতে সন্তান জন্ম দেন। ফলে তাঁদের ঘটনা কর্তৃপক্ষের নজরে আসে না এবং আড়ালেই থেকে যায়।

এস্থার সৌদি আরবে গৃহকর্মী ও শিশুর দেখভালকারী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। এক মিসরীয় পুরুষের সঙ্গে সম্পর্কের একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। তাঁর ভাষ্য অনুযায়ী, সন্তানের বাবা পরে সৌদি আরব ছেড়ে চলে যান।

গত মাসে আদালতের রায় ঘোষণার পর এস্থার সংবাদমাধ্যমকে বলেন, বেত্রাঘাতের শাস্তি সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি আতঙ্কিত। তাঁর ভাষায়, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’ ২০২৪ সালে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল, বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় সৌদি আরবে অনেক কেনীয় একক মাকে তাঁদের সন্তানের বাবারা পরিত্যাগ করেছেন।

ঘটনাটি সামনে এসেছে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতাবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আলসালেমের সৌদি আরব সফর স্থগিত হওয়ার পর। তিনি জানিয়েছেন, সফর শিগগির অনুষ্ঠিত না হলে প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পৃথকভাবে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবেন।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আলকিস্তের ভারপ্রাপ্ত পরিচালক মারিয়াম আলদোসারি এ রায়কে সহিংসতা আখ্যা দিয়ে বলেন, এস্থারকে শাস্তি না দিয়ে কেনিয়ায় ফেরত পাঠানো উচিত ছিল। তাঁর মতে, সৌদি আরবের কথিত সংস্কার ও নারীর ক্ষমতায়নের প্রচারের সঙ্গে এ রায়ের স্পষ্ট বৈপরীত্য রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধের সংস্কার ঘোষণা করেছিল। তবে তা মূলত বিচারকদের বিবেচনাধীন অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের মতো কিছু অপরাধে এখনো বেত্রাঘাতের বিধান রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান
সানা/ডিসি/আপ্র/১১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জলবায়ু সম্মেলনকে ভণ্ডামি বললেন গ্রেটা থুনবার্গ
১১ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনকে ভণ্ডামি বললেন গ্রেটা থুনবার্গ

জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা...

পান্নুন হত্যাচেষ্টা মামলায় দোভাল-গোয়েলের বিরুদ্ধে সমন
১১ নভেম্বর ২০২৬

পান্নুন হত্যাচেষ্টা মামলায় দোভাল-গোয়েলের বিরুদ্ধে সমন

শিখস ফর জাস্টিসের (এসএফজে) সদস্য গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ভারতে...

স্বাস্থ্য খাতে চীনের অগ্রগতি বিশ্বকে শিক্ষা দিচ্ছে
১১ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য খাতে চীনের অগ্রগতি বিশ্বকে শিক্ষা দিচ্ছে

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা প্রতিষ্ঠা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে চীনের রাজনৈতিক সদিচ্ছা বিশ্...

দুই বিদেশি তরুণীকে ধর্ষণ, ইসহাক দারের নাতিসহ ৮ জন অভিযুক্ত
১১ নভেম্বর ২০২৬

দুই বিদেশি তরুণীকে ধর্ষণ, ইসহাক দারের নাতিসহ ৮ জন অভিযুক্ত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নাতি মুহাম্মদ রাজা দারসহ আটজনের বিরুদ্ধে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই