গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে তৃতীয় তলার নির্মাণকাজ, সাইকেল গ্যারেজ, পত্রিকা আর্কাইভ এবং ই-বুক ও ই-জার্নাল সেবার উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
উদ্বোধন করা কার্যক্রমের মধ্যে রয়েছে সেন্ট্রাল লাইব্রেরি ভবনের তৃতীয় তলার নির্মাণকাজ এবং ভবনের দক্ষিণ পাশে সাইকেল গ্যারেজ নির্মাণ। এ ছাড়া লাইব্রেরির উদ্যোগে চালু করা হয়েছে ‘পত্রিকা আর্কাইভ ও সংরক্ষণ’ কার্যক্রম। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্য ও ঐতিহাসিক বিষয়বস্তু সংরক্ষণ এবং অধ্যয়নের সুযোগ পাবেন।
একই সঙ্গে চালু হয়েছে ই-বুক ও ই-জার্নাল সেবা। এ কার্যক্রমের আওতায় সাতটি প্রকাশনা সংস্থার মাধ্যমে ৩০ হাজার ৭১৬টি ই-বুক এবং দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ হাজার ৩১৩টি ই-জার্নাল যুক্ত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অনলাইনে দেশি-বিদেশি বিভিন্ন বই ও গবেষণা সামগ্রী ব্যবহারের সুযোগ পাবেন।
উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শিক্ষার গুণগত মানের পাশাপাশি উন্নত অবকাঠামো ও ডিজিটাল লাইব্রেরি সুবিধা অপরিহার্য। শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের গবেষণা ও তথ্য-উপাত্ত সহজে ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই ই-বুক ও ই-জার্নাল সেবা চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, লাইব্রেরির তৃতীয় তলার সম্প্রসারণ ও সাইকেল গ্যারেজ নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রয়োজন পূরণ হবে। পত্রিকা আর্কাইভ চালুর ফলে শিক্ষক ও গবেষকরা প্রয়োজনীয় তথ্য এবং ঐতিহাসিক উপাদান সংরক্ষণের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, প্রক্টর মো. ইসমাইল হোসেন, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এটিএম জিন্নাতুল বাসারসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১২/১১/২০২৬