জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় চার দিন ধরে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন ওই নারী। কোনো দেশেই প্রবেশ করতে না পেরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে তাঁর।
দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে এ ঘটনা ঘটেছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৬-এর কাছ দিয়ে প্রায় ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে ওই নারী শূন্যরেখায় অবস্থান করছেন।
তীব্র রোদ উপেক্ষা করে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে তাঁকে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধার কারণে তিনি কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।
পাথরের চর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন বলেন, “চার দিন থেকে এক নারী দুই দেশের মধ্যে আছে। কেউ নেয় না। দেখে পাগলির মত মনে হয়।”
চার দিন ধরে সীমান্তের শূন্যরেখায় একজন নারীর এভাবে অবস্থান করায় তাঁর পরিচয়, নাগরিকত্ব ও নিরাপদ আশ্রয়ের বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/১৪/১১/২০২৬