বিশ্বের তিন প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা জোটের (এপেক) বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি গুরুত্ব পেতে পারে।
মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে একটি ‘উচ্চাকাঙ্ক্ষী’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন, পুতিন ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন তিনি। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব।’
শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এ বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’
মার্কিন বার্তাসংস্থা এপি ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার পর কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের এ বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। তবে ইউক্রেন প্রসঙ্গ আলোচনায় আসার সম্ভাবনা নেই। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানান, ২১টি সদস্যরাষ্ট্রের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাঁদের চতুর্থ বৈঠক।
অলিভিয়া ওয়েলস বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর চীন সফর শেষ করবেন যুক্তরাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের নিয়ে আয়োজিত একটি ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে।’
সফরের অংশ হিসেবে মঙ্গলবার ট্রাম্প ফিলিপাইনে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। অলিভিয়া ওয়েলসের ভাষ্য, ‘এই সফর মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেবে।’
এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো বড় ধরনের কোনো নিয়ন্ত্রণব্যবস্থার বাইরে চলে গেছে। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে এমন এক অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতারও অবসান ঘটেছে, যা একসময় স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রেখেছিল।
জাতিসংঘ উভয় দেশকে দ্রুত নতুন একটি কাঠামোর বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি বর্তমান চুক্তির পরিবর্তে আরও উন্নত একটি চুক্তি করতে চান, যেখানে চীনও অন্তর্ভুক্ত থাকবে। তাঁর মতে, বেইজিং বর্তমানে নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।
সূত্র: রয়টার্স, বিবিসি
এসি/আপ্র/১৪/১১/২০২৬