গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের ঐক্য চান নাগরিকরা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৩ এএম ২০২৬
জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের ঐক্য চান নাগরিকরা
ছবি

আনতালিয়া এক্সপো সিটিতে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার প্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন -ছবি সংগৃহীত

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেওয়া বিভিন্ন দেশের নাগরিক ও অধিকারকর্মীরা বিশ্বনেতাদের কাছে জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় প্রভাবশালী দেশগুলোর অনৈক্য ও অনীহা সাধারণ মানুষের প্রত্যাশাকে হতাশ করছে। প্যারিস চুক্তি বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য শর্তহীন ও ন্যায্য জলবায়ু তহবিল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

আনতালিয়া এক্সপো সিটিতে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার প্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন। নিজ নিজ দেশের প্যাভেলিয়ন, বিভিন্ন দেশের পার্শ্ব-আয়োজন ও প্রতিবাদ মঞ্চে তাঁরা জলবায়ু সংকটের প্রভাব তুলে ধরছেন এবং নিজেদের দাবি জানাচ্ছেন।

পশ্চিম আফ্রিকার অনুন্নত দেশ টোগোর নাগরিক রাইসা নিজের শিশুসন্তানকে নিয়ে সম্মেলনে এসেছেন। তিনি বলেন, প্রাকৃতিক ও সাধারণ জীবনযাপনের কারণে তাঁদের দেশে কার্বন নিঃসরণ কম হলেও জলবায়ু ঝুঁকি অনেক বেশি। দেশটির ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিজীবীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে খাদ্যসংকট ও কৃষি উৎপাদন কমছে; পাশাপাশি পুষ্টিহীনতা ও জীববৈচিত্র্যের ক্ষতিও বাড়ছে।

টোগোতে লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টি, খরা ও বন্যার কারণে মানুষের জীবন বিপর্যস্ত হচ্ছে জানিয়ে রাইসা বলেন, তাঁর মতো দেশগুলোকে বাঁচাতে বিশ্বনেতাদের প্যারিস চুক্তির অঙ্গীকার পূরণ করতে হবে। কিন্তু কার্বন নিঃসরণকারী ও প্রকৃতি ধ্বংসকারী বড় দেশগুলোর কারণে বৈশ্বিক জলবায়ু উদ্যোগ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। সম্মেলনে আশা নিয়ে এলেও শেষ পর্যন্ত লোক দেখানো আলোচনা ও দেনদরবারের মধ্যেই সবকিছু সীমাবদ্ধ থাকে বলে হতাশা প্রকাশ করেন তিনি।

অস্ট্রেলিয়ার নাগরিক সমাজের প্রতিনিধি ফিয়েনা রেইন বলেন, তাপমাত্রা বৃদ্ধি ও শুষ্ক আবহাওয়ার কারণে তাঁদের দেশে দাবানলের প্রকোপ বাড়ছে। ‘ব্ল্যাক সামার’-এ বিস্তীর্ণ বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাপমাত্রা প্রতিদিন বাড়ছে; শহর ও গ্রামেও এর প্রভাব পড়ছে। কৃষিতে সংকট দেখা দিয়েছে। কৃষিপ্রধান অঞ্চলে পানির সংকট এবং মাটিতে লবণাক্ততা বৃদ্ধির কারণে কৃষি ও গবাদিপশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ ও আন্তরিক উদ্যোগ চান তিনি। তুরস্কের এই সম্মেলন থেকে প্যারিস চুক্তির পর আরো একটি কার্যকর ঘোষণা আসবে বলেও প্রত্যাশা তাঁর।

বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ আন্দোলনের সংগঠক আমিরুল রাজিব বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ অনেক আশা নিয়ে সম্মেলনে এসেছেন। শুধু রাষ্ট্রপ্রধানেরা নন, নানা শ্রেণি-পেশার মানুষও নিজেদের দাবি তুলে ধরছেন এবং ঐক্যবদ্ধ হচ্ছেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ পরিবর্তন চাইছেন। কিন্তু সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন ডানপন্থি সরকার ও তাদের লবিস্টরা কৌশলে সাধারণ মানুষের প্রত্যাশা এবং জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে সাধারণ মানুষ জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, নেতাদের হটকারী সিদ্ধান্ত, ধনী দেশগুলোর কার্বন নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হচ্ছেন। তরুণেরাও রাজনৈতিক পরিবর্তনের দাবিতে সক্রিয় হচ্ছেন।

আমিরুল রাজিবের মতে, জলবায়ু সংকট এখন আর ধনী-গরিব দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি চরম বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। বাংলাদেশের উপকূল ও হাওরাঞ্চলের মানুষের মতো ইউরোপের মানুষও জলবায়ুর অভিঘাতে বিপর্যস্ত হচ্ছেন। সম্প্রতি ইউরোপে তাপপ্রবাহে প্রায় ৫০ হাজার মানুষের প্রাণহানি এবং ফ্রান্সের প্রাচীন বনাঞ্চলে দাবানলের ঘটনা এ সংকটের ব্যাপকতা তুলে ধরে। তিনি বিভিন্ন কপ সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় ও লোকায়ত জ্ঞানের মূল্যায়ন, জলবায়ু তহবিলের ন্যায্য বণ্টন এবং টেকসই দুর্যোগ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের উন্নয়নকর্মী এ বি এম জাকারিয়া বলেন, জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে ঘাটতি থাকলেও আশাহত হওয়ার কারণ নেই। নাগরিক সমাজের পক্ষ থেকে বিশ্বনেতাদের প্রতি তাঁর আহ্বান, তাঁরা যেন নিজেদের অঙ্গীকার ভুলে না যান এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেন। জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও জানান তিনি।
সানা/আপ্র/১৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত
১৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

বিবিসি বাংলার প্রতিবেদন

পশ্চিমা স্যাটেলাইটের কাছে রুশ মহাকাশযান, হামলার শঙ্কা
১৩ নভেম্বর ২০২৬

পশ্চিমা স্যাটেলাইটের কাছে রুশ মহাকাশযান, হামলার শঙ্কা

মহাকাশে পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি রাশিয়ার সামরিক মহাকাশযানের সন্দেহজনক গতিবিধি নতুন কর...

জাকির নায়েকের সংগঠনের নিষেধাজ্ঞা বাড়লো আরো পাঁচ বছর
১৩ নভেম্বর ২০২৬

জাকির নায়েকের সংগঠনের নিষেধাজ্ঞা বাড়লো আরো পাঁচ বছর

ভারতে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ধর্মপ্রচারক জাকির নায়েকের নেতৃত্বাধীন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআর...

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের
১৩ নভেম্বর ২০২৬

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের

দক্ষিণ ইরানে টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে