শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে হাজিরা দেওয়ার পরও কাজ করতে অস্বীকৃতি জানালে আরো চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় আরো চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় বলা হয়েছে, কোনো অবৈধ ধর্মঘটের ক্ষেত্রে মালিকপক্ষ প্রতিষ্ঠান বা এর কোনো অংশ আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ রাখতে পারবেন। এ সময় ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা মজুরি পাওয়ার অধিকারী হবেন না।
তবে শ্রম আইনের এ বিধান প্রয়োগের ফলে শ্রমিকদের ক্ষোভ আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু।
এর আগে গত মঙ্গলবারও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ও শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করে আসছেন শ্রমিকেরা।
এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় গত সোমবার শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। এ জন্য তারা এক সপ্তাহ সময় চেয়েছে।
শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে সমঝোতা না হওয়ায় শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। কারখানা বন্ধের ঘটনায় শ্রমিকদের কর্মসংস্থান ও তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এসি/আপ্র/১৪/১১/২০২৬