ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে টানা দুই জয়ে শীর্ষস্থান নিশ্চিত করে সেমিফাইনালে উঠেছে হামজা চৌধুরীর দল। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে জয় পেলে দীর্ঘ ২১ বছর পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সর্বশেষ ২০০৫ সালের আসরে ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হয় দলটি। এরপর আর শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। আজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। একই দিন বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ভুটান।
২৩ বছরের শিরোপাখরা কাটাতে মরিয়া বাংলাদেশ। গ্রুপপর্বের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে জায়গা করে নিতে চায় দলটি। তবে পাকিস্তানও ইতিমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফলে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।
ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিকরা। ওই ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। চার গোলের বড় জয় দলের আক্রমণভাগের শক্তি ও আত্মবিশ্বাসের প্রমাণ দিয়েছে।
তবে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে রক্ষণভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গোড়ালির টেন্ডনে চোট পাওয়ায় টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন রাইটব্যাক সাদ উদ্দিন। এ ছাড়া দলের অন্য ডিফেন্ডারদের ফিটনেস ও খেলার উপযোগিতা নিয়েও ভাবতে হচ্ছে কোচিং স্টাফকে।
এর আগে বাংলাদেশের মিডফিল্ডার জামাল ভূঁইয়া পাকিস্তানের শক্তিমত্তার বিষয়টি স্বীকার করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর দলের পুরো মনোযোগ এখন সেমিফাইনালে বলে জানিয়েছিলেন তিনি।
ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। গ্যালারিতে সমর্থকদের বিপুল উপস্থিতি ও সমর্থন নিয়ে হামজা চৌধুরী এবং তাঁর সতীর্থরা মাঠে নামবেন। জয় পেলে দীর্ঘদিন পর ফাইনালে ওঠার পাশাপাশি আঞ্চলিক ফুটবলে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
২০০৩ সালে ঘরের মাঠে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয়বার শিরোপা জয়ের অপেক্ষায় কেটে গেছে ২৩ বছর। এবারের আসরে সেই অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দলটি। ফাইনালে ওঠার পথে পাকিস্তানের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি রক্ষণভাগের দৃঢ়তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অন্যদিকে সেমিফাইনালে বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে লড়াই করে হারলেও শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ফলে আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
এসি/আপ্র/১৪/১১/২০২৬