ব্রাজিলের আমাজন অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির উত্তরাঞ্চলীয় পারা রাজ্য সরকার। আগামী ১২০ দিন এ জরুরি অবস্থা কার্যকর থাকবে।
শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বরের শুরু থেকে রাজ্যটিতে ৫ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে। গত ৪৮ ঘণ্টায় সক্রিয় আগুনের সংখ্যা প্রায় ৭০০। তীব্র খরা এবং এল নিনোর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
জরুরি অবস্থার আওতায় চারণভূমি পরিষ্কারের জন্য আগুন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দাবানল নিয়ন্ত্রণ ও নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে অতিরিক্ত জনবল ও প্রয়োজনীয় সম্পদ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, খরার কারণে শুকিয়ে যাওয়া গাছপালা দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এতে মানুষের জীবন, বনাঞ্চল এবং উৎপাদনশীল কর্মকাণ্ড হুমকির মুখে পড়েছে।
চলতি বছরের ডিসেম্বর মাসে দাবানল আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও অগ্নিনির্বাপণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
এসি/আপ্র/১৪/১১/২০২৬