মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্বালন ও বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা বা কালীপূজা ও দীপাবলি।
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির সেজে ওঠে দৃষ্টিনন্দন আলোকসজ্জায়। গভীর রাতে পূজা শেষে ভক্তদের মধ্যে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়।
কালীপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ সন্ধ্যায় বাড়ি ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে প্রয়াত বাবা-মা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন। প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করার এই আচারই দীপাবলি নামে পরিচিত।
হিন্দু পুরাণ অনুযায়ী, কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। সংস্কৃত ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা মূলত শক্তির আরাধনা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় কামনা করা হয় এ পূজায়। ভক্তদের কাছে দেবী কালী শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডী, ভদ্রকালী ও দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রীয় শ্যামাপূজা উদযাপিত হয়। সেখানে পূজার পাশাপাশি দীপাবলি উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় সহস্র প্রদীপ প্রজ্বালন করা হয়।
এ ছাড়া রমনা কালীমন্দির, আজিমপুর সরকারি আবাসন মন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিঁও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান এবং তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজার এলাকার বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়।
এসি/আপ্র/০৯/১১/২০২৬