গান কখনো আনন্দের, কখনো আবেগের; আবার কখনো তা হয়ে ওঠে মানুষের মিলনমেলা। প্রিয় শিল্পীর গান সরাসরি শুনতে কনসার্টে ভিড় করেন অসংখ্য শ্রোতা। তবে আনন্দের পরিবেশ নষ্ট করে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন নগরবাউল জেমস। কনসার্টে গান পরিবেশনের সময় গাছের ডালে এক যুবককে দেখতে পেয়ে গান থামিয়ে শ্রোতাদের উদ্দেশে সতর্কবার্তা দেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয় বিশেষ সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—নগরবাউল, ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।
কনসার্টে নগরবাউলের পরিবেশনার সময় গাছের ডালে এক যুবককে দেখতে পান জেমস। বিষয়টি নজরে আসার পরই গান থামিয়ে দেন তিনি। এরপর শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘এভাবে গান শুনতে এসে যদি কেউ কোনো রকমের জঘন্য আচরণ করে, তাহলে আমি আর গান করব না। গান হবে আনন্দের জন্য। আনন্দ করো, কিন্তু পরিবেশ নষ্ট করো না।’
এর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিকেল ৩টায় কনসার্টের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং বিকেল ৪টায় শুরু হবে সংগীতানুষ্ঠান। সাতটি ব্যান্ডের পরিবেশনায় প্রায় সাত ঘণ্টা ধরে চলার কথা ছিল আয়োজনটি।
সাধারণ শ্রোতাদের জন্য উন্মুক্ত রাখা হয় কনসার্টটি। ফলে বিনা মূল্যে প্রিয় ব্যান্ডগুলোর গান উপভোগের সুযোগ পান দর্শক-শ্রোতারা।
এসি/আপ্র/০৯/১১/২০২৬