রাজধানীর বাড্ডা এলাকা থেকে এম এম বিল্লাল হুসেন (৩৭) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম মেরুল বাড্ডার একটি বাসার পরিত্যক্ত রান্নাঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বিল্লাল ওই বাসার নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দড়ি হরিহরনগর গ্রামে। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। মাঝেমধ্যে তাঁর স্ত্রী গ্রাম থেকে ঢাকায় এসে তাঁর সঙ্গে থাকতেন।
বাড্ডা থানার উপপরিদর্শক আরাফাত হোসেইন জানান, সম্প্রতি বিল্লালের স্ত্রী ছেলে-মেয়েদের নিয়ে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। ঘটনার দিন তাঁরা আবার গ্রামে ফিরে যান।
তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, স্ত্রীর সঙ্গে অভিমান ও জুয়ার কারণে ঋণে পড়ার চাপ থেকে তিনি আত্মহত্যা করেছেন।”
পুলিশ জানায়, বিকেলে বাসার একটি পরিত্যক্ত রান্নাঘরে ফ্যানের সঙ্গে বিল্লালের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সানা/আপ্র/৯/১১/২০২৬