গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

সরকারের সাফল্যে দক্ষ ও মানবিক প্রশাসন জরুরি: প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:০২ এএম ২০২৬
সরকারের সাফল্যে দক্ষ ও মানবিক প্রশাসন জরুরি: প্রধানমন্ত্রী
ছবি

রোববার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে নবীন বিসিএস কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি পিএমও

জনপ্রশাসনকে নাগরিকবান্ধব করতে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি সরকারের সার্বিক সাফল্যের জন্য দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি। প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা সহজ করার পাশাপাশি নাগরিকদের সঙ্গে কর্মকর্তাদের মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

রোববার (৮ নভেম্বর) রাতে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে নবীন বিসিএস কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন জরুরি। এগুলো শুধু একজন কর্মকর্তাকেই সমৃদ্ধ করে না, রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।

“সুতরাং প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও সহজ এবং নাগরিকবান্ধব করার ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের চেয়েও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতা বেশি কার্যকর। আমি আশা করি, আপনারা এ ব্যাপারে ভূমিকা রাখবেন।”

চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে সেরা ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য ও সাফল্য কামনা করেন।

তারেক রহমান বলেন, একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগের কলাকৌশল কর্মকর্তারা প্রশিক্ষণে শিখেছেন। এখন সরকারি প্রশাসনে যার ওপর যে দায়িত্ব অর্পিত হবে, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে হবে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “একজন সরকারি কর্মকর্তা হিসেবে কর্মজীবনে আপনাদের কী করা উচিত কিংবা উচিত নয়, এসব নিয়ে আপনাদের সামনে দীর্ঘ কোনো বক্তব্য দেওয়ার অবকাশ রয়েছে বলে আমি মনে করি না। কারণ কী করা উচিত কিংবা উচিত নয়, আমি বিশ্বাস করি, সেটি অবশ্যই আপনারা নিজেরাই ভালো জানেন। বরং জানা বিষয়গুলো কর্মক্ষেত্রে বাস্তবায়নের সদিচ্ছা থাকাটাই জরুরি বিষয়।”

সরকারপ্রধান হিসেবে কর্মকর্তাদের কাছে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো বয়সের একজন নাগরিক কোনো সহযোগিতার জন্য অফিস-আদালতে গেলে যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে তিনি একটি ‘গোল্ডেন রুল’ বা সুবর্ণ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আপনি অন্যের কাছ থেকে যেমন আচরণ আশা করেন, অন্যের সঙ্গেও তেমন আচরণ করুন।”

আইন মেনে চলার পাশাপাশি মানবিক হতে হবে
প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা হিসেবে প্রত্যেককে বিধিবদ্ধ নিয়মের আওতায় দায়িত্ব পালন করতে হবে। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে দায়িত্ব পালনের সময় সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে মানবিক আচরণ করা হচ্ছে কি না, আধুনিক রাষ্ট্র ও প্রশাসনে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, কোনো নাগরিক আবেদনপত্র নিয়ে এলে তাতে ভুল থাকলে সংশোধন করে আনতে বলা বেআইনি বা অন্যায় নয়। তবে শুধু ভুলের কথা জানিয়ে দায়িত্ব শেষ না করে কোথায়, কার কাছে গিয়ে ভুলটি সংশোধন করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া উচিত। এটিই মানবিকতা ও আন্তরিকতার প্রকাশ। দেশের মানুষ সরকারি কর্মকর্তাদের কাছ থেকে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিক আচরণও প্রত্যাশা করে।

যেকোনো পদে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে
জনপ্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন এবং পদায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের জনপ্রশাসনে হাজার হাজার পদ-পদবি রয়েছে। প্রতিটি পদই রাষ্ট্র ও সরকারের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য কেউ কেউ নিজেদের পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস করেন।

তিনি বলেন, যেকোনো সময় দেশের যেকোনো স্থানে জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই চূড়ান্ত পেশাদারত্বের পরিচয়। মনে রাখতে হবে, একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।

সরকারি দপ্তরে রাজনৈতিক সমর্থনের প্রতিফলন নয়
প্রশাসনে কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকাকে তিনি দোষের মনে করেন না। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।

তিনি বলেন, কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, বর্তমান সরকারও তো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। হ্যাঁ, বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তা সরকারি প্রশাসনের মাধ্যমেই করছে। তবে পার্থক্য হলো, এসব এজেন্ডা বাস্তবায়নের জন্যই জনগণ ভোট দিয়ে বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে জনগণের সামনে নির্বাচনি ইশতেহার তুলে ধরা হয়েছিল। জনগণ সেই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। ফলে নির্বাচনি ইশতেহার এখন দেশের জনগণের ইশতেহার, জনগণের দলিল।

তিনি বলেন, জনগণের ইশতেহার বাস্তবায়ন করা বর্তমান সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রশাসনিক কাজ কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করবেন, এটাই সরকারের প্রত্যাশা।
পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান
পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষা এবং পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ঘরবাড়ি, অফিস-আদালতসহ চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ে তোলা সম্ভব হবে। ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, সংস্থাপন সচিব কামরুজ্জামান চৌধুরী এবং লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাড্ডায় বাসার পরিত্যক্ত রান্নাঘরে প্রহরীর ঝুলন্ত মরদেহ
০৯ নভেম্বর ২০২৬

বাড্ডায় বাসার পরিত্যক্ত রান্নাঘরে প্রহরীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর বাড্ডা এলাকা থেকে এম এম বিল্লাল হুসেন (৩৭) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কর...

প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ
০৯ নভেম্বর ২০২৬

প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ

প্রথাগত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররা...

কাজে ফিরেছেন শ্রমিকরা, গাজীপুরে বিক্ষোভে বন্ধ ৭ কারখানা
০৯ নভেম্বর ২০২৬

কাজে ফিরেছেন শ্রমিকরা, গাজীপুরে বিক্ষোভে বন্ধ ৭ কারখানা

কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। রোববা...

মাথাপিছু বিদেশি ঋণ ৮০ হাজার ৩৩০ টাকা: বিশ্বব্যাংক
০৯ নভেম্বর ২০২৬

মাথাপিছু বিদেশি ঋণ ৮০ হাজার ৩৩০ টাকা: বিশ্বব্যাংক

২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৪ কোটি (১১৩ দশমিক ৪৪ বিলিয়ন) ডল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে