নেত্রকোনার খালিয়াজুরীতে প্রতিবেশীর সঙ্গে ৫০০ টাকার বাজি ধরে এক কেজি লবণ ও প্রায় ১৫০ গ্রাম সোডা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৭৫ বছর বয়সী লক্ষণ চন্দ্র পাল। এসব খাওয়ার পর তাঁর আচরণ অস্বাভাবিক হয়ে যায়। হাতের কাছে যাঁকে পাচ্ছেন, তাঁকেই মারধর ও কামড় দিচ্ছেন। পরিবারের সদস্যদেরও চিনতে পারছেন না তিনি। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লক্ষণ চন্দ্র পাল জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর (পালপাড়া) গ্রামের বাসিন্দা। গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় লক্ষণ পালের ছেলে সুজিত চন্দ্র পাল জানান, তাঁর বাবা সহজ-সরল প্রকৃতির মানুষ। প্রতিবেশী মিল্টন পাল ও পিয়াস পাল তাঁকে এক কেজি লবণ ও প্রায় ১৫০ গ্রাম সোডা খেতে পারলে ৫০০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। তাঁদের কথায় বিশ্বাস করে বাবা একটি জগে পানি নিয়ে তাতে লবণ ও সোডা মিশিয়ে পান করেন।
সুজিত চন্দ্র পাল বলেন, এসব খাওয়ার কিছুক্ষণ পরই তাঁর বাবা অস্বাভাবিক আচরণ শুরু করেন। হাতের কাছে যাঁকে পাচ্ছিলেন, তাঁকেই মারধর ও কামড় দিচ্ছিলেন। এমনকি পরিবারের সদস্যদেরও চিনতে পারছিলেন না। তাঁকেও মারধর ও কামড় দিয়েছেন।
তিনি আরো জানান, শুক্রবার বিকেলে বাবাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন রাতেই অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেন দেওয়া হয়। এখনো তিনি স্বাভাবিকভাবে নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে সেখানে শয্যা খালি না থাকায় ভর্তি করা সম্ভব হয়নি। শয্যার জন্য আবেদন করা হয়েছে। রোববার সন্ধ্যায় মাঝেমধ্যে ডাকলে তিনি সাড়া দিচ্ছিলেন।
সুজিত চন্দ্র পালের অভিযোগ, তাঁর বাবার ক্ষতি করার উদ্দেশ্যেই টাকার প্রলোভন দেখিয়ে তাঁকে লবণ ও সোডা খাওয়ানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিল্টন পাল ও পিয়াস পালের বিরুদ্ধে সোমবার থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, গত শুক্রবার বিকেল ৫টার দিকে স্বজনেরা লক্ষণ পালকে জরুরি বিভাগে নিয়ে আসেন। অতিরিক্ত পরিমাণে লবণ ও সোডা খাওয়ার কারণে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে অভিযুক্ত দুজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মেন্দিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য খোকন মিয়া বলেন, তিনি এলাকায় ছিলেন না। ফিরে এসে ঘটনাটি শুনেছেন। তাঁর ভাষ্য, যেসব জিনিস খেলে ক্ষতি হতে পারে, সেগুলো নিয়ে বাজি ধরা ঠিক নয়।
মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাকিম বলেন, লক্ষণ পাল সহজ-সরল মানুষ। প্রতিবেশীদের সঙ্গে বাজি ধরে তিনি লবণ ও সোডা খেয়েছেন বলে শুনেছেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, এ ধরনের ঘটনা সম্পর্কে তিনি জানেন না। এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এসি/আপ্র/০৯/১১/২০২৬