তারেক মাহমুদ: লক্ষ্মীপুর পৌর শহরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মৌজুপুর এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আটক কিশোরের নাম মো. রানা (১৩)। সে ওই এলাকার আমিরের ছেলে।
ভুক্তভোগী শিশুর মা ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শিশুটি পরিবারের সঙ্গে ওই ভাড়া বাসায় বসবাস করত। একই বাসার পাশের কক্ষে ভাড়া থাকত অভিযুক্ত কিশোরের পরিবার। ঘটনার দিন টেলিভিশন দেখার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায় রানা। পরে মেয়েকে খুঁজতে গিয়ে তার চিৎকার শুনতে পান মা। জানালা দিয়ে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল জানান, ধর্ষণের অভিযোগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজেমী জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে রানা নামে এক কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সানা/আপ্র/৮/১১/২০২৬