মোঃ নুর জামাল হক: রংপুরে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মো. মাহাতাব উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা। একই সঙ্গে এসব অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
রোববার (৮ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ ও প্রতিবাদ জানানো হয়।
লিখিত বক্তব্যে মো. মাহাতাব উদ্দিন অভিযোগ করেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর মো. রেজাউল করিম ভূঁইয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিবার সম্পর্কে মিথ্যা ও মনগড়া তথ্য ছড়াচ্ছেন। কোনো ধরনের সত্যতা যাচাই না করেই কয়েকটি সংবাদমাধ্যমে এসব বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হওয়ায় পরিবারটি সামাজিক ও মানসিক সংকটের মুখে পড়েছে।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। প্রথমত, মো. রেজাউল করিম ভূঁইয়ার প্রচারিত অভিযোগের সঙ্গে তাঁদের পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। দ্বিতীয়ত, ব্যক্তিগত শত্রুতা, আক্রোশ কিংবা অসৎ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এসব মনগড়া অভিযোগ সাজানো হয়েছে। তৃতীয়ত, অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সাংবাদিকদের সমাজের দর্পণ ও সত্যের প্রতীক উল্লেখ করে মাহাতাব উদ্দিনের পরিবারের সদস্যরা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একপাক্ষিক ও অসত্য তথ্যে বিভ্রান্ত না হয়ে সাংবাদিকদের প্রকৃত সত্য অনুসন্ধান করে সংবাদ পরিবেশন করা উচিত।
একই সঙ্গে যেসব অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে তাঁদের বিরুদ্ধে অবাস্তব ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে, সেসব সংবাদ ও পোস্ট অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৮/১১/২০২৬