কালীপূজার কথা উঠলে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক দক্ষিণেশ্বর কালী মন্দিরের মা ভবতারিণীর কথা বাদ যায় না। প্রতিবছর এই পবিত্র পীঠস্থানে লাখ লাখ ভক্তের সমাগম ঘটে। কালীপূজার পুণ্যলগ্নে এবারও বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে রানি রাসমণি প্রতিষ্ঠিত এই মন্দির।
প্রতিবছরের মতো চলতি বছরেও দক্ষিণেশ্বর কালী মন্দিরসহ পুরো মন্দির চত্বর সাজানো হয়েছে চোখধাঁধানো রঙিন নিয়ন আলোয়।
আলোর এই উৎসব ঘিরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং পশ্চিমবঙ্গের দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বর্ণিল আলোকসজ্জা তাঁদের মনে তৈরি করছে এক স্বর্গীয় অনুভূতি।
মূল মন্দিরের পাশাপাশি চারপাশে থাকা দ্বাদশ শিবমন্দিরও সাজানো হয়েছে বিশেষ আকর্ষণীয় সোনালি ও রঙিন আলোয়। রাতের অন্ধকারে গঙ্গার পাড় থেকে মন্দিরের এই আলোকসজ্জা সৃষ্টি করছে এক মায়াবী দৃশ্যের।
এদিকে, উৎসবের দিনগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় সামাল দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের বৈঠক করেছে মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
কালীপূজার দিন মন্দিরে পূজা দিতে আসা কোনো দর্শনার্থী যাতে অসুবিধায় না পড়েন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।
এ বিষয়ে মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক কুশল চক্রবর্তী বলেন, ‘আমরা ১৭২তম পূজার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, লক্ষাধিক ভক্ত পূজা দিতে আসবেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, রাজ্য সরকার ও আমাদের পক্ষ থেকে তার সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।’
এসি/আপ্র/০৮/১১/২০২৬