ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের ব্যক্তিগত উপলব্ধি, জীবনবোধ ও সমসাময়িক নানা বিষয় নিয়ে মতামত প্রকাশ করেন। এবার বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, পারস্পরিক আচরণ ও দায়িত্ববোধ নিয়ে একটি দীর্ঘ বার্তা দিয়েছেন তিনি। সেখানে বর্ষা লিখেছেন, কাউকে পোলাও-মাংস খাওয়ানোর কথা মনে না থাকলেও মনে থাকবে তার ব্যবহার।
নিজের একটি ছবি প্রকাশ করে বর্ষা লিখেছেন, ‘আপনার বাবা-মা আপনার জন্য একটি পরীক্ষা, আর আপনিও তাদের জন্য একটি পরীক্ষা। বিষয়টি মেনে নিন।’
কঠিন স্বভাবের বাবা-মায়ের সঙ্গে মানিয়ে চলা সহজ নয় উল্লেখ করে অভিনেত্রী বলেন, তাঁরাও অন্য সবার মতো মানুষ। তাঁদেরও ভুলত্রুটি ও দুর্বলতা রয়েছে। তাই বাবা-মাকে তাঁদের মতো করেই মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বর্ষার ভাষায়, ‘আপনি তাদের পরিবর্তন করতে পারবেন না। আপনি শুধু নিজেকেই পরিবর্তন করতে পারবেন। জীবনের এই পরীক্ষাটি ধৈর্য, সহনশীলতা ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করুন।’
নিজের বাবা-মায়ের সঙ্গে বর্তমান প্রজন্মের অভিভাবক হিসেবে নিজের আচরণের তুলনাও করেছেন বর্ষা। তাঁর উপলব্ধি, বাবা-মা তাঁর প্রতি অনেক সহজ-সরল ছিলেন। কিন্তু নিজের সন্তানদের ক্ষেত্রে তিনি হয়তো ততটা সহজ হতে পারেননি।
এ প্রসঙ্গে বর্ষা লিখেছেন, ‘আমার কাছে বা আমি এখন যদি চিন্তা করি আমার বাবা-মায়ের কথা, তাহলে মনে হয় আমার বাবা-মা অনেক সহজ-সরল ছিলেন আমার জন্য। কিন্তু আমি হয়তো এতটা সহজ না আমার সন্তানদের জন্য। দুনিয়ার সব বাবা-মা সেরা কেবল তাদের সন্তানদের কাছে।’
সন্তানদের কাছে বাবা-মায়ের আচরণের গুরুত্ব তুলে ধরে বর্ষা আরও লিখেছেন, ‘ভুলে যেন না যাই, আমার সন্তানরা যেন আমাদের আচরণে অন্য মানুষের বা সমাজের সামনে লজ্জা না পায়। আপনার পোলাও-মাংস খাওয়ানোর কথা মনে থাকবে না, থেকে যাবে আপনার ব্যবহার।’
প্রসঙ্গত, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। সিনেমাটিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে অনন্ত জলিলের প্রযোজনায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন বর্ষা।
২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন এই তারকা জুটি। তাঁদের সংসারে দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল রয়েছে।
এসি/আপ্র/০৮/১১/২০২৬