কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়ি ও ইহুদিদের ধর্মীয় টুপি পরার অনুমতি দিয়েছে দেশটির সরকার। ধর্মীয় বিশ্বাসের কারণে মাথা ঢেকে ছবি তুলতে চাইলে আবেদনকারীদের জন্য বিশেষ কোনো লিখিত প্রমাণও জমা দিতে হবে না। তবে ছবিতে মুখের সম্পূর্ণ অংশ দৃশ্যমান রাখা বাধ্যতামূলক।
কানাডা সরকারের নতুন নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী, হিজাব বা মাথার কাপড় পরলেও কপালের ওপরের অংশ থেকে থুতনি পর্যন্ত মুখের পুরোটাই স্পষ্ট দেখা যেতে হবে। মুখের দুই পাশও দৃশ্যমান থাকতে হবে। মাথার কাপড় এমনভাবে পরতে হবে, যাতে চোখ, নাক, গাল বা কপালে কোনো ছায়া না পড়ে।
তবে নিকাব বা বোরকার মতো মুখের বৈশিষ্ট্য ঢেকে রাখে, এমন পোশাক পরে পাসপোর্টের ছবি তোলা যাবে না। এ ক্ষেত্রে আবেদনকারীরা চাইলে আলাদা কক্ষে এবং একই লিঙ্গের আলোকচিত্রীর মাধ্যমে ছবি তোলার অনুরোধ করতে পারেন।
কানাডার পাসপোর্টের ছবির জন্য আরো কিছু নিয়ম রয়েছে। যেমন- ছবি তোলার সময় চোখ খোলা রাখতে হবে, সরাসরি ক্যামেরার দিকে তাকাতে হবে এবং মুখ বন্ধ রেখে স্বাভাবিক অভিব্যক্তি বজায় রাখতে হবে। এছাড়া ছবি অবশ্যই গত ছয় মাসের মধ্যে তোলা হতে হবে। ছবি সম্পাদনা, রং পরিবর্তন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না।
সূত্র: কানাডা সরকার
এসি/আপ্র/০৮/১১/২০২৬