এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় শেষ হচ্ছে আজ রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায়। অনলাইনে কারিগরি জটিলতার কারণে আবেদনপ্রক্রিয়া ব্যাহত হওয়ায় আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেননি। তাঁদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে শনিবার রাত ১২টার পরিবর্তে রোববার দুপুর ১২টা পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে, এবার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। প্রথম সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি পত্রের জন্য আবেদন করেছেন।
গত বছর আবেদন জমা পড়েছিল ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি। ফলে এবার গত দুই বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি আবেদন জমা পড়েছে।
শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবার পাসের হার সবচেয়ে কম।
এসি/আপ্র/০৮/১১/২০২৬