রাজধানীর মিরপুরের পর এবার মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর আসে। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
এদিকে একই রাতে রাজধানীতে বাসে আগুনের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে রাত ১০টার দিকে মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
পুলিশ জানায়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসটির জানালা দিয়ে পেছনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে বাসের কর্মীদের চেষ্টায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়। এতে বাসের পেছনের দিকের কয়েকটি আসন পুড়ে যায়।
পরপর দুটি বাসে আগুনের ঘটনায় রাজধানীর গণপরিবহন খাতে উদ্বেগ তৈরি হয়েছে। তবে মহাখালীর বাসে আগুন লাগার কারণ এবং এটি নাশকতা কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সানা/আপ্র/৮/১১/২০২৬