মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রাজধানী ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. জমশেদ আলী (৫০) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দফাদার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দেশব্যাপী গ্রাম পুলিশ মহাসমাবেশ ও প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাতে সহকর্মীদের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হন জমশেদ আলী। শনিবার সকালে সমাবেশ চলাকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
জমশেদ আলীর আকস্মিক মৃত্যুতে লোহানীপাড়া ইউনিয়ন পরিষদসহ বদরগঞ্জ উপজেলার গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারে চলছে মাতম।
সানা/আপ্র/৭/১১/২০২৬