জামায়াতে ইসলামীকে পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছেন বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
তিনি বলেছেন, নির্বাচিত সরকারের আট মাসে বোর্ডিং পাশ দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি, রেডি হও জামায়াত, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তান পাঠানো হবে।
শনিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
পাপিয়া বলেন, খাসির মাংস খাবা বলে যদি কুকুরের মাংস খাও, এটা কি ঠিক হবে? ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ কি জামায়াতে ইসলামীতে দাঁড়িপাল্লায় ভোট দেবেন? জামায়াতে ইসলামীর ভিতরে ইসলামের কোনো নমুনা নাই, কোনো নমুনা নাই, কোনো নমুনা নাই।
বিএনপির সাবেক এই এমপি আরো বলেন, সামনে নির্বাচন, স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে মা-বোনদের বলতে চাই, আর ভুল করিয়েন না, বিরিয়ানির প্যাকেট আর নেবেন না। নতুন নতুন বোরখা আর নেবেন না, দুইশ টাকা দিয়ে... শফিক সাহেবের মিটিংয়ে আর আসিয়েন না।
তিনি বলেন, বিএনপি আপনাদের সংগঠন, আপনাদের কথা ভাবে। আপনাদের মুখের হাসির জন্য যা যা করতে হয়, তাই তাই বিএনপি করবে।
জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। এছাড়া জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এই জনসভায়।
এসি/আপ্র/০৮/১১/২০২৬