গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

পুতিনের ১৫০ বছর আয়ুর গবেষণায় সাত হাজারের বেশি বানর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০১ এএম ২০২৬
পুতিনের ১৫০ বছর আয়ুর গবেষণায় সাত হাজারের বেশি বানর
ছবি

ছবি সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে দেশটিতে বার্ধক্যবিষয়ক গবেষণা নতুন করে আলোচনায় এসেছে। মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো এবং বার্ধক্যের প্রক্রিয়া ধীর করার সম্ভাবনা অনুসন্ধানে সাত হাজারের বেশি বানরের ওপর গবেষণা চালাচ্ছেন রুশ বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাটভ ইনস্টিটিউটে এ গবেষণা চলছে। প্রতিষ্ঠানটিতে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে বয়স্ক বানরদের নিয়ে বিশেষভাবে কাজ করছেন বিজ্ঞানীরা। কয়েকটি বানরের বয়স ৩০ বছরেরও বেশি। দীর্ঘায়ুর রহস্য অনুসন্ধানে তাদের রক্ত, মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ পরীক্ষা করা হচ্ছে।

গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ৮০ বছর বয়সী বিজ্ঞানী মিখাইল কোভালচুক। তিনি পুতিনের ঘনিষ্ঠ বিজ্ঞানবিষয়ক পরামর্শক হিসেবে পরিচিত। মস্কোর একটি বিজ্ঞানবিষয়ক ফোরামে কোভালচুক জানান, ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের বিভিন্ন শারীরিক ও জৈবিক পরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে রক্তের জৈব রাসায়নিক বিশ্লেষণ, রক্তনালির অবস্থা পর্যবেক্ষণ, শারীরিক গঠন পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যান।

কোভালচুকের মতে, মানুষের সঙ্গে শারীরিক ও জৈবিক সাদৃশ্য থাকায় দীর্ঘায়ু গবেষণার জন্য বানর গুরুত্বপূর্ণ। এ গবেষণার মাধ্যমে মানুষের আয়ু বাড়ানোর কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির ভিত্তি পাওয়া যেতে পারে।

এদিকে অস্বাভাবিক দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণে বিশেষ ব্যাংকও তৈরি করেছেন গবেষকেরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক কনস্তান্তিন কোটেনকোর দাবি, এসব নমুনা বিশ্লেষণের মাধ্যমে বার্ধক্যের পেছনে কাজ করা জৈবিক প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানা সম্ভব হবে।

পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ নিয়ে এর আগেও নানা আলোচনা হয়েছে। এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তার মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। ৪১ বছর বয়সী এ অন্তঃক্ষরা বিশেষজ্ঞ বার্ধক্য প্রতিরোধ এবং বয়সজনিত সমস্যা মোকাবিলায় ওষুধ তৈরির পরিকল্পনা নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলেছেন। বাবার নাম উল্লেখ না করলেও দীর্ঘায়ু গবেষণার অন্যতম প্রেরণা হিসেবে মৃত্যুভীতির বিষয়টি তুলে ধরেন তিনি।

গত বছর চীন সফরের সময়ও পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষা আলোচনায় আসে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কথোপকথন খোলা মাইক্রোফোনে ধরা পড়ে। সেখানে অঙ্গ প্রতিস্থাপনের উন্নতি এবং মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে শোনা যায় দুই নেতাকে।

পুতিনকে বলতে শোনা যায়, অঙ্গ প্রতিস্থাপনের উন্নতির ফলে মানুষ ক্রমেই আরো তরুণ হয়ে উঠতে পারে। এমনকি ভবিষ্যতে অমরত্ব অর্জনের সম্ভাবনাও তৈরি হতে পারে। পরে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, মানুষের পক্ষে ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব হতে পারে। তবে এত দীর্ঘ আয়ুও তার কাছে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

শুধু বানরের ওপর গবেষণাতেই সীমাবদ্ধ নেই রাশিয়ার দীর্ঘায়ু প্রকল্প। বার্ধক্য মোকাবিলায় জীবন্ত টিস্যুর ত্রিমাত্রিক মুদ্রণ এবং প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের সম্ভাবনা নিয়েও কাজ করছেন বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের ব্যবহারের উপযোগী অঙ্গ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া বার্ধক্য বিলম্বিত করতে বিশেষ ওষুধ তৈরির উদ্যোগও রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত ওষুধের মাধ্যমে বার্ধক্য প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত রেজ জিনের কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা করছেন রুশ বিজ্ঞানীরা।

তবে এসব গবেষণার মাধ্যমে মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো কিংবা অমরত্ব অর্জন কতটা সম্ভব হবে, তা এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি।

সূত্র: ডেইলি মেইল

এসি/আপ্র/১৪/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

আমাজনে ভয়াবহ দাবানল, ১২০ দিনের জরুরি অবস্থা
১৪ নভেম্বর ২০২৬

আমাজনে ভয়াবহ দাবানল, ১২০ দিনের জরুরি অবস্থা

ব্রাজিলের আমাজন অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির উত্তরাঞ্চলীয়...

চীনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ঐতিহাসিক বৈঠক ১৯ নভেম্বর
১৪ নভেম্বর ২০২৬

চীনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ঐতিহাসিক বৈঠক ১৯ নভেম্বর

বিশ্বের তিন প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং ত্রিপক্ষীয় শ...

হাসিনার প্রত্যাবর্তনে সামরিক বিমান পাঠানোর প্রশ্ন নীরব জয়সোয়াল
১৪ নভেম্বর ২০২৬

হাসিনার প্রত্যাবর্তনে সামরিক বিমান পাঠানোর প্রশ্ন নীরব জয়সোয়াল

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর বিষয়ে দিল্লির আগ্...

শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত
১৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

বিবিসি বাংলার প্রতিবেদন

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে