চীনের শীর্ষ ১০০ ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ এ বছর কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার কোটি ডলারে। গত বছর এ পরিমাণ ছিল ১ লাখ ৩৫ হাজার কোটি ডলার। দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত বিকাশ ও রপ্তানি আয় বাড়লেও অভ্যন্তরীণ বাজারের দুর্বলতা অর্থনীতিতে চাপ তৈরি করেছে। ভোক্তাদের ব্যয় কম থাকা এবং আবাসন খাতের মন্দার প্রভাব পড়েছে শীর্ষ ধনীদের সম্পদেও।
তবে এই প্রবণতার বিপরীতে রয়েছেন বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝাং ইমিং। প্রথমবারের মতো চীনের শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থান দখল করেছেন তিনি। গত এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১ হাজার ৪৭০ কোটি ডলার। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ৮ হাজার ৪০০ কোটি ডলার।
টিকটক ভিডিও অ্যাপের জন্য পরিচিত বাইটড্যান্স এখন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। এ বছর প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো গড়ে তুলতে ৭ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
টানা পাঁচ বছর শীর্ষ অবস্থানে থাকার পর এবার দ্বিতীয় স্থানে নেমে গেছেন নংফু স্প্রিংয়ের প্রতিষ্ঠাতা ঝং শানশান। গত এক বছরে তাঁর সম্পদ কমেছে ১ হাজার ৬৯০ কোটি ডলার। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৬ হাজার ২০ কোটি ডলার। পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানটির শেয়ারের দাম এক বছরে প্রায় এক-চতুর্থাংশ কমেছে। চীনের বাজারে বিক্রি বৃদ্ধির গতি কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তৃতীয় স্থানে উঠে এসেছেন চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ৩ হাজার ৪৫০ কোটি ডলার। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি ডলার। তালিকায় তিনি এক লাফে ৩১ ধাপ এগিয়েছেন। গত অক্টোবরে ডিপসিকের অর্থায়ন সংগ্রহের এক পর্যায়ে প্রতিষ্ঠানটির মূল্য ৭ হাজার ৫০০ কোটি ডলারের বেশি নির্ধারণ করা হয়। এর ফলে লিয়াংয়ের সম্পদে বড় উল্লম্ফন ঘটে। ডলারের হিসাবে এ বছর তিনিই সবচেয়ে বেশি সম্পদ বাড়ানো ব্যক্তি।
এ বছর উল্লেখযোগ্য সম্পদ বেড়েছে হেংলি গ্রুপের চেয়ারম্যান চেন জিয়ানহুয়ারও। পেট্রোরসায়ন খাতের এই শিল্পগোষ্ঠী গত বছর সাংহাই শেয়ারবাজারে কৌশলগত তালিকাভুক্তির মাধ্যমে তাদের জাহাজ নির্মাণ ইউনিটকে শেয়ারবাজারে নিয়ে আসে। এরপর চেনের সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়ে ২ হাজার ৫২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তালিকায় তিনি ৩০ ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছেন। বিশ্বজুড়ে নতুন জাহাজের চাহিদা বেড়ে যাওয়ায় তাঁর সম্পদে এই উত্থান ঘটেছে।
এবারের তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন সাতজন। তাঁদের সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট বা সংশ্লিষ্ট প্রযুক্তি খাতের উদ্যোক্তা। নতুনদের মধ্যে সবচেয়ে ধনী চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিএক্সএমটির সহপ্রতিষ্ঠাতা ঝু ইমিং। তাঁর সম্পদের পরিমাণ ১ হাজার ৩০০ কোটি ডলার।
জুলাইয়ে সাংহাই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার তিন মাস পর প্রতিষ্ঠানটি জানায়, তারা উচ্চ ঘনত্বের মেমোরি চিপের পরবর্তী প্রজন্ম বাজারে আনার কাছাকাছি রয়েছে। এ ঘোষণার পর বিশ্ববাজারে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রতিদ্বন্দ্বী কোম্পানির শেয়ারের দাম কমে যায়।
নতুনদের মধ্যে একমাত্র নারী ওয়াং শিন। তিনি প্রিন্টেড সার্কিট বোর্ড কাটার কাজে ব্যবহৃত সূক্ষ্ম যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান গুয়াংডং ডিটেক টেকনোলজির চেয়ারম্যান ও মহাব্যবস্থাপক।
তালিকায় আরেক উল্লেখযোগ্য নতুন মুখ ওয়াং শিংশিং। মানবসদৃশ রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রির প্রতিষ্ঠাতা তিনি। ৩৬ বছর বয়সী ওয়াং এবার তালিকার সবচেয়ে কম বয়সী সদস্য।
এ ছাড়া ছয়জন পুরোনো ধনী আবার তালিকায় ফিরেছেন। তাঁদের মধ্যে রয়েছেন ঝাং ওয়ানঝেন। ইলেকট্রনিক যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান চাওঝৌ থ্রি-সার্কেল গ্রুপে তাঁর অংশীদারত্ব থেকেই মূলত সম্পদ এসেছে। ২০২১ সালে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পদ ছাড়েন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা বাড়ায় গত এক বছরে শেনঝেন শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে।
অন্যদিকে, এ বছর তালিকা থেকে বাদ পড়েছেন ১৩ জন। তালিকায় স্থান পাওয়ার ন্যূনতম সম্পদের সীমাও বেড়েছে। গত বছর ৪৬০ কোটি ডলারের সম্পদ থাকলেই তালিকায় জায়গা পাওয়া যেত। এবার সেই সীমা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ কোটি ডলারে।
সূত্র: ফোর্বস
এসি/আপ্র/১৪/১১/২০২৬