পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণ কমাতে ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় পোড়ানো বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে পাঞ্জাব সরকার। এ লক্ষ্যে ৬৭টি দ্রুত সাড়াদানকারী দল গঠন করা হয়েছে। এসব দলে রয়েছেন ৭৫০ জন কর্মকর্তা।
শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে মাত্র ২৪ ঘণ্টায় পাঞ্জাবজুড়ে জমিতে আগুন লাগানোর ৬৭৯টি খবর পাওয়া গেছে। এর মধ্যে ৬৫০টি আগুন নেভানোর দাবি করেছে কর্তৃপক্ষ। খবর পাওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে দলগুলো।
ধানের খড় পোড়ালে প্রতি একর জমির জন্য কৃষকদের ১৫ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করা হচ্ছে। জরিমানা দিতে ব্যর্থ হলে কারাদণ্ডও হতে পারে। পাশাপাশি খড় না পুড়িয়ে জমি পরিষ্কারের জন্য কৃষকদের ১০ হাজারের বেশি ভর্তুকির কৃষিযন্ত্র দেওয়া হয়েছে। এসব যন্ত্রের ৬০ শতাংশ ব্যয় বহন করছে সরকার।
তবে নতুন উদ্যোগের পরও লাহোরে বায়ুদূষণ ও ধোঁয়াশার প্রভাব কাটেনি। শহরের বিভিন্ন হাসপাতালে শ্বাসকষ্ট, গলা ও চোখের সমস্যায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসছেন।
সূত্র: রয়টার্স
এসি/আপ্র/১৪/১১/২০২৬