মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক আব্দুর রাজ্জাক রিয়াদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও ফসলের ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা ও সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আদালতের শরণাপন্ন হয়েছে ভুক্তভোগী পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় আদেশ জারি করেছেন আদালত।
ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের উত্তর মাদাই খামার গ্রামে। আব্দুর রাজ্জাক রিয়াদ দৈনিক সকালবেলার বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং দৈনিক মুখপাত্রের রংপুর ব্যুরোপ্রধান।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে সাংবাদিক আব্দুর রাজ্জাক রিয়াদের নানি ফাতেমা বেগমের বিরোধ চলে আসছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৭ সালে বাটোয়ারা মামলার রায়ের ভিত্তিতে আদালত ফাতেমা বেগমকে ওই জমির ডিক্রি ও দখল বুঝিয়ে দেন। এরপর থেকে তিনি নিয়মিত জমিটি ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি আদালতের রায় ও আইন অমান্য করে প্রতিপক্ষের লোকজন ওই জমিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায় এবং বিভিন্নভাবে হয়রানি শুরু করে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে ফাতেমা বেগম বাদী হয়ে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন দাখিল করেন। মামলাটি ১২৯৭/২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে। এতে মো. গোলজার হোসেন, মো. আমজাদ আলী, মো. জহির উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. সাকেরুল ইসলামসহ মোট আটজনকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বাদীপক্ষ অভিযোগ করে, বিবাদীরা সংঘবদ্ধ হয়ে তাদের ভোগদখলীয় জমিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছেন। তারা জমির ফসল নষ্ট করছেন। এতে বাধা দিলে বাদীপক্ষকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
আদালত আবেদনটি আমলে নিয়ে বিরোধপূর্ণ জমির প্রকৃত মালিকানা, নামজারি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধসংক্রান্ত বিষয় সরেজমিনে তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫(১) ধারায় নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি তদারকি ও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আদালত।
এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি, আদালতের আদেশ জারির পরও প্রতিপক্ষের হুমকি বন্ধ হয়নি। উল্টো বিভিন্ন এলাকা থেকে বহিরাগত লোকজন এনে জমি দখলের পাঁয়তারা চলছে। এতে সাংবাদিকের পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, আদালতের ১৪৪ ধারা জারির আদেশসংবলিত কাগজ হাতে পাওয়ার পর এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে। আদালতের নির্দেশনা অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আদালতের নথি অনুযায়ী, মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০২৭ সালের ৩ জানুয়ারি। এর আগে তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
সানা/কেএমএএ/আপ্র/১৪/১১/২০২৬