মোজাম্মেল হক নয়ন, কিশোরগঞ্জ (নীলফামারী): রাতের আঁধারে পথে পথে ঘুরে শীতার্ত পথচারী ও এতিম শিশুদের হাতে কম্বল তুলে দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। তার এমন মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে একটি এতিমখানার শিশুদের জন্য কম্বল নিয়ে বের হন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। পথে কয়েকজন পথচারীকে হালকা পোশাকে চলাচল করতে দেখে গাড়ি থামান তিনি। পরে গাড়ি থেকে নেমে পাঁচজনের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। ইউএনওর এমন উদ্যোগ দেখে উপস্থিত পথচারীরাও তার প্রশংসা করেন।
পরে তিনি উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীবাজার আকবরিয়া এতিমখানা মাদ্রাসায় যান। সেখানে ৫৫ জন এতিম শিশুর মধ্যে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম ও সমাজসেবক সুজাউল আলম সূজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শীত নিবারণে শীতার্ত মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী প্রশাসন সব সময় থাকবে। পাশাপাশি শীতার্ত মানুষের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সানা/কেএমএএ/আপ্র/১৪/১১/২০২৬