মোজাম্মেল হক নয়ন, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি যাচাই করে ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগীকে শনাক্ত করেছে উপজেলা প্রশাসন। তাদের নামে বরাদ্দ ভাতা বন্ধ করে ওই শূন্যস্থানে নতুন করে ১ হাজার ৪৭২ জন হতদরিদ্র ব্যক্তিকে উপকারভোগী হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি অর্থের অপচয় রোধ এবং প্রকৃত উপকারভোগীদের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের এ ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলায় বর্তমানে প্রতিবন্ধী ভাতাভোগী ৭ হাজার ৬০০, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগী ৭ হাজার ৩১৮ এবং বয়স্ক ভাতাভোগী ১৪ হাজার ৭১৮ জন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২০২৬ সালের ৩ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সরাসরি যাচাই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মোট ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত হন।
যাচাই কার্যক্রম শেষে সংশ্লিষ্ট ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি হিসাবরক্ষক, ইউনিয়ন সমাজকর্মী ও উদ্যোক্তার স্বাক্ষরযুক্ত তালিকা উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। পরবর্তী সময়ে অধিকতর যাচাই-বাছাই শেষে মৃত ভাতাভোগীদের স্থানে নতুন উপকারভোগী অন্তর্ভুক্তির জন্য ইউনিয়ন কমিটির কাছে তিন দফা চিঠি দিয়ে তালিকা চাওয়া হলেও তা পাওয়া যায়নি।
এদিকে, ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্তের বিষয়টি চিঠির মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নীতিমালা অনুসরণ করে তালিকাসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়। পাশাপাশি উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মৃত ভাতাভোগীদের ভাতা বন্ধ এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির ভাতার অর্থ ছাড়ের তালিকা বা পে-রোল থেকে তাদের নাম বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, নতুন উপকারভোগী নির্বাচনে মাইকিং করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। এ প্রক্রিয়াকে স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ‘সরকারি সেবা গ্রহণ করি, দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ি’ স্লোগানে আয়োজন করা হয় ব্যতিক্রমী ভাতা মেলা। মেলায় সরাসরি হতদরিদ্র বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিরা আবেদন করেন। তাদের পাশাপাশি আগে থেকে অপেক্ষমাণ আবেদনকারীদের মধ্য থেকেও যাচাই করে মৃত ভাতাভোগীদের শূন্যস্থানে নতুন উপকারভোগী নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, সরকারি অর্থের অপচয় রোধ এবং প্রকৃত অসহায় মানুষের হাতে ভাতার অর্থ পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এ জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এর ফলে ভাতার জন্য আবেদনকারীরা দালালদের খপ্পর থেকে রেহাই পেয়েছেন।
উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ বলেন, মৃত ভাতাভোগীদের শনাক্ত করে তাদের স্থানে নতুন উপকারভোগী অন্তর্ভুক্ত করার উদ্যোগটি প্রশংসনীয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, সরকারি এ কর্মসূচি ও সহায়তা যাতে কোনোভাবেই অপব্যবহার বা অনিয়মের শিকার না হয়, সে লক্ষ্যেই আন্তরিকতার সঙ্গে কাজটি করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে যাচাই কার্যক্রমের মাধ্যমে মৃত ভাতাভোগীদের শনাক্ত করে তাদের স্থানে নতুন উপকারভোগী অন্তর্ভুক্তির কাজ চলছে। এ উদ্যোগ ভবিষ্যতে ভাতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের মাধ্যমে মৃত ভাতাভোগীদের শনাক্ত করা হয়েছে। এতে ভাতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। শুধু স্থানীয় পর্যায়ে নয়, দেশব্যাপী সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রকৃত দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
সানা/কেএমএএ/আপ্র/১৪/১১/২০২৬