ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন। তিনটি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রায় পাঁচ হাজার প্রতিযোগী।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) গেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৫টায় ২১ দশমিক ৫ কিলোমিটার হাফ ম্যারাথনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এরপর ভোর সাড়ে ৫টায় ১০ কিলোমিটার দৌড় এবং সকাল সাড়ে ৭টায় শিশু-কিশোরদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার তিনটি বিভাগে অংশগ্রহণকারী সবাইকে পদক দেওয়া হয়। পরে প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে মোট ৩০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ডিএনসিসি প্রশাসক। র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, আগামী ১ ডিসেম্বর সংস্থাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন ও প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ওই দিন বনানী মাঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে ২০১১ সালের ১ ডিসেম্বর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠন করা হয়। সেই হিসাবে আগামী ১ ডিসেম্বর ডিএনসিসির প্রতিষ্ঠার ১৫ বছর পূর্ণ হবে।
সানা/কেএমএএ/আপ্র/২৭/১১/২০২৬